প্রজাপতি উৎসব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার হয়ে গেল দিনব্যাপী প্রজাপতি মেলা। বাহারি রঙের শতাধিক প্রজাপতির ওড়াউড়ি দেখতে ক্যাম্পাসে ছিল দর্শনার্থীদের ভিড়। শিশু-কিশোরেরা তুলির আঁচড়ে এঁকেছে রংবেরঙের প্রজাপতি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন সকাল সাড়ে ১০টার দিকে জহির রায়হান মিলনায়তনের সামনে ১৫ থেকে ২০টি প্রজাপতি অবমুক্ত করেন। এর মধ্য দিয়ে উদ্বোধন করেন এ প্রজাপতি মেলা। প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা এ মেলার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি কবি মো. খালেদ হোসাইন ও প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন রচিত ছন্দে ছড়ায় প্রজাপতি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় সহ-উপাচার্য মো. ফরহাদ হোসেন, প্রকৃতিবিশারদ দ্বিজেন শর্মা, বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক সাজেদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক সৈয়দ হুমায়ূন কবির প্রমুখ উপস্থিত ছিলেন। এর পরপরই মিলনায়তনের গ্যালারিতে শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার। প্রতিযোগিতা শেষে কেন্দ্রীয় খেলার মাঠে প্রজাপতির আদলে বানানো ঘুড়ি ওড়ানো উৎসবে মেতে ওঠে ছেলে-বুড়ো সবাই। সকাল থেকেই জহির রায়হান মিলনায়তনের সামনে ও বোটানিক্যাল গার্ডেনে জাল দিয়ে ঘেরা স্থানে বিভিন্ন প্রজাতির শতাধিক প্রজাপতি দেখানোর ব্যবস্থা করা হয়। প্রজাপতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে শিশু-কিশোরদের নিয়ে মিলনায়তনের সামনে ভিড় করেন ঢাকার বিভিন্ন স্থান থেকে আসা অভিভাবকেরাও। জালের ভেতরে প্রবেশের সুযোগ রাখা হয়েছিল। তাই দর্শনার্থীরা খুব কাছ থেকে এসব প্রজাপতি দেখার সুযোগ পায়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে আসা রূপকথা (৬) প্রথম আলোকে বলে, ‘লাল প্রজাপতি দেখতে সবচেয়ে সুন্দর। ওই প্রজাপতিই আঁকব আমি। প্রজাপতির ডানা ভারী সুন্দর।’ মিরপুর ও উত্তরা থেকে মেলায় এসেছে রায়হানা আক্তার (৬) ও ফারিজা আক্তার (৫)। প্রজাপতি দেখতে এবং প্রজাপতির ছবি আঁকতে অনেক মজা পেয়েছে ওরা। বেলা চারটায় পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অধ্যাপক সৈয়দ মো. হুমায়ুন কবিরকে প্রাণীবিদ্যাবিষয়ক গবেষণায় অবদানের জন্য আজীবন সমঞ্চাননা দেওয়া হয়।