প্রজাপতি গুহার সিঁড়ি ভেঙে চুরমার, মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে প্রজাপতি গুহায় সিঁড়িগুলোর পলেস্তারা খুলে রাখা হয়েছে। কাজ চলছে ধীরগতিতে। দুর্ভোগে পড়েছে পথচারীরা। ছবিটি গত সোমবার দুপুরে তোলা l প্রথম আলো
কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে প্রজাপতি গুহায় সিঁড়িগুলোর পলেস্তারা খুলে রাখা হয়েছে। কাজ চলছে ধীরগতিতে। দুর্ভোগে পড়েছে পথচারীরা। ছবিটি গত সোমবার দুপুরে তোলা l প্রথম আলো

কারওয়ান বাজারের আন্ডারপাস ‘প্রজাপতি গুহা’র সংস্কারের জন্য সিঁড়িগুলো ভেঙে চুরমার করা হয়েছে। কিন্তু তারপর থেকেই কাজ বন্ধ। ছড়ানো-ছিটানো ভাঙা টাইলস ও কংক্রিটের টুকরায় হোঁচট খেয়ে প্রতিদিনই দুর্ঘটনায় পড়ছেন পথচারীরা। প্রচণ্ড দুর্ভোগ হচ্ছে সড়কটি পার হতে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন প্রজাপতি গুহার দুই পাশের চারটি সিঁড়িই ভাঙা হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে। সিঁড়ির মুখে বস্তা ফেলে রাখা। পুরো পথটিই ইট-সিমেন্টের ভাঙা অংশে সয়লাব। এগুলো ডিঙিয়ে পার হচ্ছে মানুষ। ভাঙার কারণে কিছু কিছু সিঁড়ির ধাপ এত সরু হয়ে গেছে যে ঠিকমতো পা রাখা যায় না। হোসনে আরা কারওয়ান বাজারে একটি অফিসে কাজ করেন। গত সোমবার প্রথম আলোকে তিনি বলেন, ‘এ আন্ডারপাস দিয়ে প্রতিদিন যাতায়াত করি। আর তো উপায় নাই। এখন আধা-খেচরা করে ভেঙে রাখছে। ডেইলি উষ্ঠা খাই। তার মধ্যে ঠেলাঠেলি তো আছেই।’
কারওয়ান বাজারের এই অংশটি সব সময় ব্যস্ত থাকে। আশপাশে কোনো পদচারী-সেতু নেই। সড়ক পার হতে বিপুলসংখ্যক মানুষ এই আন্ডারপাসটি ব্যবহার করে। গত সোমবার দেখা যায়, আন্ডারপাসে ঢুকেই সবাই বিরক্তি প্রকাশ করছে।
মো. ফারুক এখানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। এ অবস্থার ব্যাপারে জানতে চাইলে বলেন, কেন বন্ধ রাখা হয়েছে তা তিনি জানেন না।
ডিএনসিসির অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান বলেন, সিঁড়িগুলো সংস্কার করা হচ্ছে। দেয়ালের রঙের সঙ্গে কিছু সমস্যা হওয়ায় ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন। এক সপ্তাহের মধ্যেই এটা ঠিক হয়ে যাবে।