প্রজাপতি মেলায় দর্শনার্থীদের ভিড়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার প্রজাপতি মেলায় বহু দর্শনার্থী ভিড় করেন। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে প্রতিবারের মতো এবারও দিনব্যাপী এ মেলা হয়।
সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য মো. আবুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য কয়েকটি প্রজাপতি অবমুক্ত করেন। এ সময় তিনি বলেন, প্রজাপতি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের প্রতীক। প্রজাপতির প্রতি ভালোবাসা মানুষকে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতন করে তুলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোষাধ্যক্ষ আবুল খায়ের। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্বরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবদুল জব্বার হাওলাদার, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি এবং মেলার আহ্বায়ক মো. মনোয়ার হোসেন, আইইউসিএনের বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ প্রমুখ।
দিনব্যাপী এ মেলায় দর্শনার্থীরা জহির রায়হান মিলনায়তন ও বোটানিক্যাল গার্ডেনে জীবন্ত প্রজাপতি প্রদর্শনী দেখেন। এ ছাড়া প্রজাপতির আলোকচিত্র ও প্রজাপতি-বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন করা হয়। শিশু-কিশোরদের জন্য প্রজাপতির ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়।