প্রজাপতির রঙে ঝলমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজ প্রকৃতি আর পরিযায়ী পাখির আনাগোনার জন্য সুপরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি কোণ গতকাল শুক্রবার ঝলমলিয়ে উঠেছিল বাহারি প্রজাপতির বর্ণচ্ছটায়। ঘেরাও দেওয়া জায়গার মধ্যে চার শ জ্যান্ত প্রজাপতি ছেড়ে দিলে যা হতে পারে আর কি!গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগ আয়োজিত প্রজাপতি মেলার দৃশ্য এটি। খুব কাছে থেকে প্রজাপতি দেখা ও এগুলো সম্পর্কে জানার সুযোগ ঘটেছিল মেলায় আসা ব্যক্তিদের।‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগান নিয়ে দিনব্যাপী এ প্রজাপতি মেলার আয়োজন করা হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে মেলার উদ্বোধন করেন সহ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মুনিরুজ্জামান। এ সময় সহ-উপাচার্য (প্রশাসন) মো. ফরহাদ হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন আবদুল জব্বার হাওলাদার, মেলার আহ্বায়ক মো. মনোয়ার হোসেন, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, চিত্রগ্রাহক আনোয়ার হোসেন, স্থপতি রবিউল হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রজাপতি বিশেষজ্ঞ মাহমুদুল আমীনকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মিলনায়তনের গ্যালারিতে অনুষ্ঠিত হয় প্রজাপতি নিয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। একই স্থানে প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় প্রজাপতির আদলে তৈরি ঘুড়ির উ ৎসব। বিকেলে ছিল বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা।তবে দিনব্যাপী এ মেলার মূল আকর্ষণ নিঃসন্দেহে ছিল বোটানিক্যাল গার্ডেনে জাল দিয়ে ঘেরা ফুলবাগানের ‘বাটারফ্লাই হাট’। এখানে কমন ক্রো, পাম জুডি, ডিঙ্গি বুশব্রাউন, কমন ডাফার, এপফ্লাই, পি ব্লু, টাইনি গ্রাস ব্লু, ওক ব্লু, কমন রোজ, স্ট্রাইপড অ্যালব্যাট্রস, কমন গ্রাস ইয়েলো, স্ট্রাইপড পাইরেট, ব্লু প্যানসি ও পেইন্টেড লেডিসহ ৭০ প্রজাতির ৪০০ জীবন্ত প্রজাপতি ছেড়ে দেওয়া হয়। জালের বেষ্টনীর ভেতরে প্রবেশের সুযোগ থাকায় খুব কাছে থেকে প্রজাপতিগুলো দেখার সুযোগ পেয়েছে দর্শনার্থীরা। বাহারি রঙের ফুলের ওপর বসা বিচিত্র বর্ণের প্রজাপতির ছবি তুলতে মেতে উঠেছিলেন তাদের অনেকে।আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের স্ট্যান্ডার্ড ফাইভের শিক্ষার্থী সাদনান মাহবুব বলে, ‘আব্বু-আম্মুর সঙ্গে প্রজাপতি দেখার জন্য এসেছি। অনেক প্রজাপতি একসঙ্গে দেখতে পেরে অনেক মজা লাগছে।’স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে মেলায় ৪০টি প্রজাতির প্রজাপতির বাংলা নাম রাখা হয়েছে। রং, আকার, ওড়ার ধরন প্রভৃতির ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি খালেদ হোসাইন প্রজাপতিগুলোর বাংলা নাম দেন।নামকরণ সম্পর্কে অধ্যাপক খালেদ হোসাইন বলেন, ‘মালার আকৃতির জন্য মণিমালা, সাহিত্যের চরিত্র শকুন্তলার মতো সুন্দরী বলে শকুন্তলা এবং ঝড়ের মতো গতি দেখে কালবোশেখি প্রভৃতি নাম দিয়েছি।’ সহ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মুনিরুজ্জামান বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের মধ্যে জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াবে।’মেলার আহ্বায়ক মো. মনোয়ার হোসেন বলেন, প্রজাপতির নতুন নতুন প্রজাতির সন্ধান মিললেও এদের সংখ্যা দিন দিন কমছে। বনভূমি কমে যাওয়ায় প্রকৃতির এই অলংকারের অস্তিত্ব এখন হুমকির মুখে।বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিকেল পাঁচটায় দিনব্যাপী এ মেলার সমাপ্তি হয়।