প্রজ্ঞাপন জারিতে বিলম্বের সুযোগ নিচ্ছেন কর্মকর্তারা
জাতীয় বেতন স্কেল কার্যকর করতে বিলম্বের কারণে শেষ মুহূর্তে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা তাঁদের প্রাপ্য সিলেকশন গ্রেড বুঝে নিচ্ছেন। তবে আইন ও যুক্তির মারপ্যাঁচে কেউ এই সুযোগ পাচ্ছেন, কেউবা বঞ্চিত হচ্ছেন।
সরকারের ২৮টি ক্যাডারের মধ্যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কমপক্ষে আটটি ক্যাডারে ২ হাজার ৫০২ জন কর্মকর্তা সিলেকশন গ্রেড পেয়েছেন। নিজ মন্ত্রণালয়ের সক্ষমতার ঘাটতি থাকায় বাকি ক্যাডারের কর্মকর্তারা এই গ্রেড নিতে পারছেন না বলে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
আগামী ডিসেম্বর পর্যন্ত এই আর্থিক সুবিধা পাওয়ার আকস্মিক সুযোগ আসায় ২০টি ক্যাডার এখন নিয়োগবিধি ও হিসাব-নিকাশ চূড়ান্ত করে তাদের সিলেকশন গ্রেড পাওয়ার চেষ্টা শুরু করেছে। সরকারি চাকরিজীবীরা পদোন্নতির যোগ্য হওয়ার পরও সরকার যদি পদোন্নতি না দিতে পারে, সেটাই মেটানো হয় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল দিয়ে। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত ছিল ১ জুলাই থেকে নতুন বেতন স্কেল কার্যকর হবে। এ জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ৩০ জুনের পর সিলেকশন গ্রেড বা টাইম স্কেলের জন্য কেউ বিবেচিত হবেন না। কিন্তু প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে প্রথম প্রাপ্য সিলেকশন গ্রেড দেওয়ার দাবি তোলা হয়। এ সম্পর্কে মতামত চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিলে অর্থ মন্ত্রণালয় ইতিবাচক মত দেয়। এরপর বাকি সাতটি ক্যাডার এই সুবিধা নেয়। সর্বশেষ গত বুধবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১ হাজার ৮৯৭ জন কর্মকর্তা এই সিলেকশন গ্রেড পেয়েছেন।
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো অনুযায়ী সিলেকশন গ্রেড ও টাইম স্কেল তুলে দেওয়ার সিদ্ধান্ত যখন প্রায় চূড়ান্ত, তখন বিসিএস ক্যাডার কর্মকর্তাদের মধ্যে সিলেকশন গ্রেড নেওয়ার এই হিড়িক নিয়ে সমালোচনা যেমন আছে, তেমনি আছে কিছু যুক্তিও।
সিলেকশন গ্রেড প্রাপ্য কর্মকর্তারা বলছেন, ১ জুলাই থেকে বেতন স্কেল কার্যকর করার কথা বলা হলেও নভেম্বর পর্যন্ত চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করতে পারেনি অর্থ মন্ত্রণালয়। তাই প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত তাঁদের এই গ্রেড পেতে বাধা নেই।
বিভিন্ন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে বিসিএসের আটটি ক্যাডারের ২ হাজার ৫০২ জন কর্মকর্তা সিলেকশন গ্রেড পেয়েছেন। ষষ্ঠ গ্রেডের পরিবর্তে তাঁরা এখন পঞ্চম গ্রেডে বেতন-ভাতা পাবেন। ক্যাডারগুলোর মধ্যে রয়েছে বিসিএস প্রশাসন, পুলিশ, শিক্ষা, তথ্য, গণপূর্ত, আনসার এবং সড়ক ও জনপথ। চাকরির ১০ বছর পূর্তিতে তাঁরা এই সিলেকশন গ্রেড পেয়েছেন। এঁদের অধিকাংশই ২৪তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। অন্যদিকে সমবায় ক্যাডারের কর্মকর্তারা চার বছর পূর্তিতে প্রথম সিলেকশন গ্রেড পেয়েছেন। পররাষ্ট্র, কাস্টমসহ কয়েকটি ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি পেয়ে ইতিমধ্যে পঞ্চম গ্রেডে বেতন-ভাতা পাচ্ছেন।
যাঁরা সিলেকশন গ্রেড পেয়ে গেছেন, তাঁদের সুবিধা বহাল রাখা হবে—অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত মঙ্গলবার সচিবালয়ে এ ঘোষণা দেওয়ার পর অন্য ক্যাডারের কর্মকর্তারাও কাগজপত্র তৈরি করছেন।
যোগাযোগ করলে স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘অন্য সবাই পেলে স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারাও সিলেকশন গ্রেড পাবেন।’ এই সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তা নেওয়ার সক্ষমতা আছে কি না, জানতে চাইলে সচিব বলেন, অবশ্যই রয়েছে।
নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন আগামী ডিসেম্বরের মধ্যে জারি হওয়ার কথা। তার আগে ক্যাডার কর্মকর্তাদের সিলেকশন গ্রেড দেওয়া হলেও একই সুযোগ থেকে বঞ্চিত থাকছেন নন-ক্যাডার কর্মকর্তা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। কর্মচারীরা বলছেন, বিষয়টির সুরাহা না করে প্রজ্ঞাপন জারি হলে তাঁরা আইনি পদক্ষেপ নেবেন।
বিসিএস প্রথম শ্রেণির কর্মকর্তারা চাকরিতে যোগ দিয়েই নবম ধাপে বেতন-ভাতা পান। চার বছর চাকরির পর তাঁরা একটি সিলেকশন গ্রেড পেয়ে নবম থেকে সপ্তম ধাপে উন্নীত হন। চাকরির আট বছর পর তাঁরা একটি টাইম স্কেল পেয়ে উন্নীত হন ষষ্ঠ ধাপে। আর চাকরির ১০ বছর পর তাঁরা আবার আরেকটি সিলেকশন গ্রেড পেয়ে পঞ্চম ধাপে উন্নীত হন।
দ্বিতীয় শ্রেণির কর্মকর্তারা চাকরির চার বছর পর সিলেকশন গ্রেড পান। তারপর আট বছর পর প্রথম টাইম স্কেল ও ১২ বছর পর দ্বিতীয় টাইম স্কেল পান। তৃতীয় শ্রেণির কর্মচারীরা প্রথম সিলেকশন গ্রেড পান পাঁচ বছর পর; তা-ও মোট শূন্য পদের ৩৩ দশমিক ৫ শতাংশ। এরপর তাঁরা টাইম স্কেল পান তিনবার ৮, ১২ ও ১৫ বছর পর। চতুর্থ শ্রেণির কর্মচারীরা ১০ বছর পর সিলেকশন গ্রেড পান। তাঁরাও টাইম স্কেল পান তিনবার; অর্থাৎ ৮, ১২ ও ১৫ বছর পর।
সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করে ১০ বছর ও ১৬ বছর পর স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওপরের ধাপে বেতন-ভাতা দেওয়ার প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। এ ছাড়া বার্ষিক প্রবৃদ্ধি (ইনক্রিমেন্ট) করা হয় গ্রেডভেদে পৌনে ৪ থেকে ৫ শতাংশ।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, যেহেতু নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি হয়নি, তাই মন্ত্রণালয়গুলো তাদের কর্মকর্তাদের সিলেকশন গ্রেড দিতেই পারে। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখা উচিত বলে মনে করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল নিয়ে তিনি উচ্চপর্যায়ে আরও আলোচনা করবেন এবং এ ব্যাপারে তাঁর অবস্থান অনমনীয় নয়।
জানতে চাইলে জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, বৈষম্য নিরসন কমিটি সব পক্ষের দাবি-দাওয়া পর্যালোচনা করেছে। বিভিন্ন ক্যাডারের দাবি মেটাতে বেশ কিছু বিকল্প নিয়েও কথা হয়েছে। এটা চূড়ান্ত রূপ পেতে আরও কিছুদিন সময় লাগবে।
সিলেকশন গ্রেড পেলেন ২,৫০২ জন: সিলেকশন গ্রেড বিষয়ে সাতটি মন্ত্রণালয়ের আট ক্যাডারের কর্মকর্তার জন্য জারি করা প্রজ্ঞাপনগুলো বিশ্লেষণে দেখা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩ আগস্ট প্রশাসন ক্যাডারের ৩০৬ জন কর্মকর্তাকে সিলেকশন গ্রেড দিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ১৮৯ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ৯ আগস্ট পুলিশ ক্যাডারের ১৮৭ জন কর্মকর্তাকে সিলেকশন গ্রেড দিয়েছে। তাঁদের বেশির ভাগই দেশের বিভিন্ন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। তথ্য মন্ত্রণালয় গত ৬ আগস্ট সিলেকশন গ্রেড দিয়েছে বিসিএস তথ্য ক্যাডারের ৪১ জন কর্মকর্তাকে। সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় গত বুধবার সিলেকশন গ্রেড দিয়েছে ১ হাজার ৮৯৭ জনকে। এ ছাড়া অন্যান্য ক্যাডারে সিলেকশন গ্রেড দেওয়া হলেও সংখ্যায় তা ৪ থেকে ২৫-এর বেশি নয়।
অর্থমন্ত্রী অনমনীয় নন: সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসাসহ কয়েকটি দাবিতে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে প্রকৌশলী-কৃষিবিদ-চিকিৎসক (প্রকৃচি) ও বিসিএস সমন্বয় কমিটি।
বৈঠকে প্রকৃচির আহ্বায়ক ও কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আমলারা আপনাকে ভুল বোঝাচ্ছেন। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিলের সিদ্ধান্ত সরকারের জন্য ভালো কোনো উদ্যোগ নয়। এতে সরকারি চাকরিজীবীদের মনে হতাশা-ধোঁয়াশা ও কুয়াশা সৃষ্টি করবে।’ তিনি বলেন, নতুন কাঠামো অনুযায়ী সবাই বেতন বেশি পেলেও খুশি হবেন না কেউই।
অর্থমন্ত্রী স্বীকার করেন যে বৈষম্য থাকলেও সবকিছু তিনি সমাধান করতে পারবেন না। তিনি বলেন, ‘একটা ক্যাডারে আছে ২২ হাজার সদস্য। কিন্তু প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেডে পদ আছে মাত্র সাতটি। এটা অন্যায্য।’
আগামী ডিসেম্বরের মধ্যে সবকিছু চূড়ান্ত হবে জানিয়ে মুহিত বলেন, রাজনৈতিক মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত নিয়েছে। এটা নিয়ে আরও আলোচনা-পর্যালোচনা হবে।