প্রণব আসছেন ৫ মে রাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্ম-বার্ষিকী যৌথভাবে উদ্যাপনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ৫ মে রাতে ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল সোমবার এই প্রতিবেদককে এ তথ্য জানান। ভারতের অর্থমন্ত্রী ৬ মে দিল্লি ফিরে যাবেন। ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬ মে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কবিগুরুর সার্ধশততম জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রণব মুখার্জি। ওই অনুষ্ঠানে শর্মিলা ঠাকুর, পবিত্র সরকার ছাড়াও ‘সংগীত নাটক একাডেমি’ অংশ নেবে। ঢাকা সফরের সময় প্রণব মুখার্জি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রণব মুখার্জি ৫ মে রাতে ম্যানিলা থেকে সিঙ্গাপুর হয়ে ঢাকায় আসবেন। পরদিন বিকেল সাড়ে পাঁচটায় তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।