প্রণব মুখার্জি আসছেন, তাই কুমুদিনীতে সাজ সাজ রব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি টাঙ্গাইলের মির্জাপুরে আসছেন কাল মঙ্গলবার। তাঁর আগমন উপলক্ষে উপজেলার কুমুদিনী কমপ্লেক্সে চলছে সাজ সাজ রব। তাঁকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল। দিন-রাত চলছে ধোয়ামোছা ও সৌন্দর্য বর্ধনের কাজ।কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রণব মুখার্জি হেলিকপ্টারে করে মির্জাপুরে আসবেন। প্রায় দুই ঘণ্টার সংক্ষিপ্ত সফরের প্রথমেই তাঁকে নেওয়া হবে কুমুদিনী কমপ্লেক্সের গ্রন্থাগারে। সেখানে তাঁকে কুমুদিনী ট্রাস্ট পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে অবহিত করা হবে। পরে তিনি কুমুদিনী হাসপাতাল পরিদর্শন করবেন এবং ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী শরীরচর্চা প্রদর্শনী দেখবেন। এ ছাড়া তিনি ভারতীয় হাইকমিশনের অর্থায়নে কুমুদিনী ক্যাম্পাসে পয়োনিষ্কাশনব্যবস্থার নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন করবেন।কুমুদিনী হাসপাতালের পরিচালক দুলাল চন্দ্র পোদ্দার জানান, রণদা প্রসাদ সাহা ১৯৩৮ সালে শোভা সুন্দরী ডিসপেনসারি নামের একটি দাতব্য চিকিৎসাকেন্দ্র চালু করেন। পরে সেখানেই তিনি ৭৫০ শয্যার কুমুদিনী হাসপাতাল স্থাপন করেন। ওই সময় থেকেই প্রণব মুখার্জির সঙ্গে রণদা প্রসাদ সাহার ব্যক্তিগত সম্পর্ক ছিল। প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর রণদা প্রসাদ সাহার নাতি কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা ভারতে গিয়ে তাঁকে স্বাগত জানান এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পরিদর্শনের আহ্বান জানান। এ পরিপ্রেক্ষিতে ভারতের রাষ্ট্রপতি কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পরিদর্শনে আসছেন।