প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভ্রা মুখার্জী
শুভ্রা মুখার্জী

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি (৭৫) চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে মারা গেছেন। দেশটির রাষ্ট্রপতি ভবন এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শুভ্রা মুখার্জি শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি তাঁর হৃদ্রোগও ছিল। গুরুতর অসুস্থ হওয়ার পর গত শুক্রবার শুভ্রা মুখার্জিকে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি।
রাষ্ট্রপতি ভবনের বিবৃতিতে জানানো হয়, ভারতের স্থানীয় সময় গতকাল সকাল ১০টা ৫১ মিনিটে শুভ্রা মুখার্জি শেষনিশ্বাস ত্যাগ করেন।
শুভ্রা মুখার্জির পৈতৃক বাড়ি বাংলাদেশে। ১৯৪০ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন যশোর জেলায় (বর্তমানে নড়াইল) জন্ম নেন তিনি। ১৯৫৭ সালের ১৩ জুলাই প্রণব মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হওয়ার পর ২০১৩ সালে বাংলাদেশ সফরে এলে স্বামীর সঙ্গে শুভ্রা মুখার্জি নড়াইলে পৈতৃক বাড়িতে গিয়েছিলেন।
শিক্ষাজীবনে স্নাতক পাস শুভ্রা মুখার্জি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ভক্ত ছিলেন। তিনি রবীন্দ্রসংগীত গাওয়ার পাশাপাশি কবির নৃত্যনাট্যও পরিবেশন করেছেন অনেক দিন ধরে। এ জন্য ভারতের বিভিন্ন অংশের পাশাপাশি ঘুরেছেন ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে। কবিগুরুর গান ও নৃত্যনাট্যের দর্শনকে এগিয়ে নিতে শুভ্রা মুখার্জি প্রতিষ্ঠা করেন ‘গীতাঞ্জলি নাট্যদল’। পাশাপাশি দুটি বই লিখেছেন তিনি। একটির নাম চোখের আলোয়, যেখানে লেখিকা ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তগুলো বর্ণনা করেছেন। অন্যটি হলো ভ্রমণকাহিনি চেনা অচেনায় চীন।
শুভ্রা-প্রণব মুখার্জি দম্পতির তিন সন্তান রয়েছে। দুই ছেলে অভিজিৎ মুখার্জি ও ইন্দ্রজিৎ মুখার্জি এবং এক মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি।
নড়াইলে শোকের ছায়া
নড়াইল প্রতিনিধি জানান, ‘নড়াইলের মেয়ে’ শুভ্রা মুখার্জির মৃত্যুর খবর পেয়ে তাঁর আত্মীয়স্বজনসহ এলাকার মানুষজন গতকাল শোকাচ্ছন্ন হয়ে পড়েন।
শুভ্রার ভাই কানাইলাল ঘোষ বলেন, তাঁর দিদি সর্বশেষ ভদ্রবিলায় এসেছিলেন ২০১৩ সালের ৫ মার্চ। সঙ্গে ছিলেন তাঁর স্বামী প্রণব মুখার্জিও।