প্রণবের স্ত্রীর রোগমুক্তি কামনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী গুরুতর অসুস্থ শুভ্রা মুখার্জির আশু রোগমুক্তি কামনা করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার সন্ধ্যায় প্রণব মুখার্জিকে ফোন করে তাঁর স্ত্রীর রোগমুক্তি কামনা করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। খবর বাসসের।
গুরুতর অসুস্থ হওয়ার পর গত শুক্রবার ভারতের রাষ্ট্রপতির স্ত্রী শুভ্রা মুখার্জিকে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তাঁর পৈতৃক বাড়ি বাংলাদেশে। ২০১৩ সালে প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকালে শুভ্রা মুখার্জি স্বামীর সঙ্গে নড়াইলে তাঁর পৈতৃক বাড়িতে গিয়েছিলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টেলিফোনে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন এবং শুভ্রা মুখার্জির দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রণব মুখার্জির সঙ্গে প্রায় ২০ মিনিট কথা বলেন শেখ হাসিনা। তিনি শুভ্রা মুখার্জির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রীর বোন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানাও প্রণব মুখার্জির সঙ্গে কথা বলেন ও তাঁর স্ত্রীর আশু রোগমুক্তি কামনা করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে প্রণব মুখার্জি বাংলাদেশের জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। তিনি প্রধানমন্ত্রীকে জানান, ইতিমধ্যেই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েছেন এবং তিনি এর উল্লেখযোগ্য দিকগুলো উদ্ধৃত করেন।