প্রণোদনা দিয়েও লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতে আউশ আবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রণোদনা সত্ত্বেও চলতি মৌসুমে যশোরের কেশবপুর উপজেলায় লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতে আউশ আবাদ হয়েছে। এ উপজেলায় ২ হাজার ১৪৭ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ১ হাজার ২০ হেক্টরে।
এলাকাবাসী ও কৃষক সূত্রে জানা গেছে, প্রকৃত কৃষক ছাড়া অনেকে প্রণোদনা পেয়েছেন, কিন্তু তাঁরা আবাদ করেননি। এদিকে বিগত কয়েক বছর ধানের দাম কম হওয়ায় অনেক কৃষক ধান চাষে আগ্রহ হারাচ্ছেন।
আউশ আবাদের তথ্য জানতে উপজেলা কৃষি কার্যালয়ে যোগাযোগ করা হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধ আছে বলে জানানো হয়। পরে তথ্য অধিকার আইনে আবেদন করলে এ বিষয়ে তথ্য দেওয়া হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত এপ্রিলে ৮৬০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়। প্রতি বিঘায় কৃষকপ্রতি দেওয়া হয় নেরিকা আউশ বীজ ১০ কেজি, উফশী আউশ বীজ ৫ কেজি, ইউরিয়া ২০ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি। এ ছাড়া সেচের জন্য দেওয়া হয় নেরিকা ধানবীজে ৮০০ টাকা আর উফশী বীজে ৪০০ টাকা। বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে কৃষকেরা এই টাকা পান। ১৬ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত আউশ আবাদের মৌসুম। সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে ফলন পাওয়া যায়।
সরেজমিনে দেখা যায়, উপজেলার আউলগাতি, মূলগ্রাম, বেলোকাটি, ডোঙ্গাঘাটা, সাগরদত্তকাঠি ও ভোগতী এলাকায় আউশের আবাদ হয়নি। জানা যায়, এসব এলাকার অনেকেই সরকারি প্রণোদনা পেয়েছেন। ভোগতী গ্রামের কৃষক রেজাউল ইসলাম বলেন, ‘এ বছর কেউ আউশ আবাদ করেননি।’ এর কারণ সম্পর্কে তিনি বলেন, উৎপাদন খরচ না ওঠায় কৃষক ধান চাষে আগ্রহ হারাচ্ছেন। অনেকে বোরো মৌসুমে সারা বছরের খোরাকির জন্য ধান লাগান।
প্রণোদনাপ্রাপ্ত ৩০ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের অর্ধেকই ধান আবাদ করেননি। কোমরপোল গ্রামের মোফাজ্জেল হোসেন বলেন, ‘টাকা ও সার পেয়েছি, তবে ফসল করিনি।’
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি কৃষকদের তালিকাভুক্ত করে। এ কমিটিতে ইউপি সদস্যরা, দুজন উপসহকারী কৃষি কর্মকর্তা ও একজন স্বাস্থ্যকর্মী থাকেন। পরিষদের দেওয়া তালিকা উপজেলা কমিটি অনুমোদন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার দাস বলেন, ‘তালিকা তৈরিতে আমাদের কোনো হাত নেই। আউশ আবাদের জন্য প্রচারণা চালিয়েছি। প্রণোদনা পেয়েও কেউ যদি আবাদ না করেন, তাহলে আমাদের করার কিছু থাকে না।’