সৌর বিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে গ্রাহকদের প্রণোদনা দেওয়ার কথা ভাবছে সরকার। নতুন বিদ্যুৎ-সংযোগ পাওয়ার জন্য নির্দিষ্ট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবহারের শর্তের যৌক্তিকতা বিষয়ে গতকাল বুধবার আয়োজিত গোলটেবিল আলোচনায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা বলেন।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে সকালে ইংরেজি পাক্ষিক এনার্জি অ্যান্ড পাওয়ার এই আলোচনার আয়োজন করে। আলোচনায় বক্তারা বলেন, বিশেষভাবে চিন্তাভাবনা না করেই ২০১০ সালে নতুন বিদ্যুৎ-সংযোগ পাওয়ার ক্ষেত্রে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের শর্ত জুড়ে দেওয়া হয়। এতে গ্রাহকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারেরও লাভ হয়নি। ফলে উদ্যোগটি সফল হয়নি।
সরকারের ওই পদক্ষেপের ফলে শহরাঞ্চলে সৌরবিদ্যুৎ সম্পর্কে একটি নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে উল্লেখ করে কোনো কোনো বক্তা শর্তটি তুলে দেওয়ার দাবি জানান। তাঁরা বলেন, সৌরবিদ্যুতের প্যানেল বসাতে গ্রাহকেরা যত অর্থ ব্যয় করেছেন সে তুলনায় সেবা পাননি। মাঝখান থেকে যেনতেনভাবে নিম্নমানের প্যানেলের ব্যবসা করে গেছেন একশ্রেণীর ব্যবসায়ী।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, একটি উদ্যোগে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে বলে পুরো বিষয়টি বাতিল করে দেওয়ার কথা ভাবা হয়তো ঠিক নয়। ২০১৫ সালের মধ্যে মোট বিদ্যুতের ৫ শতাংশ এবং ২০২০ সালের মধ্যে ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে তৈরি বিদ্যুৎ ব্যবহারের সরকারি পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টিও মনে রাখতে হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সরকার গ্রাহকদের বিভিন্ন প্রকার প্রণোদনা দিতে পারে।
আলোচনায় মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ইজাজ হোসেন। ঢাকায় সৌরবিদ্যুতের প্যানেল বসিয়ে বিদ্যুৎ-সংযোগ পাওয়া গ্রাহকদের মধ্যে পরিচালিত একটি জরিপের তথ্য উপস্থাপন করেন বুয়েটের আরেক অধ্যাপক শহিদুল ইসলাম খান। এই জরিপে গ্রাহকদের অসন্তুষ্টি ও সৌরবিদ্যুতের প্যানেলের অকার্যকারিতার চিত্র পাওয়া গেছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব তাপস কুমার রায়, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নজরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল হক, জার্মান সহযোগিতা সংস্থা জিআইজেডের জ্যেষ্ঠ উপদেষ্টা সিদ্দিক জোবায়ের, এফবিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট হেলাল উদ্দিন, রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনার্জি অ্যান্ড পাওয়ার-এর সম্পাদক মোল্লা আমজাদ হোসেন।