প্রণোদনার সার বীজ ও টাকা বিতরণ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সরকারি প্রণোদনার সার, বীজ ও সেচ-সহায়তা বাবদ টাকা গতকাল বুধবার বিকেলে বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কৃষকদের মধ্যে এসব বিতরণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা নাজনীন জানান, ৪০ জন কৃষককে উফশী এবং ৩৫ জনকে নেরিকা জাতের বীজ দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেক কৃষককে প্রতি বিঘা জমিতে উফশী আউশ ও নেরিকা জাতের ধান চাষাবাদের জন্য পাঁচ কেজি উফশী আউশ বীজ, ১০ কেজি নেরিকা বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনা মূল্যে বিতরণ করা হয়। এ ছাড়া তিনি জানান, উফশী আউশ ও নেরিকা জাতের ধান চাষাবাদের জন্য বিঘাপ্রতি সেচ-সহায়তা বাবদ ৪০০ টাকা এবং প্রতি বিঘা জমিতে আগাছা দমনের জন্য ৪০০ টাকা করে কৃষকদের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।