প্রতারক চক্র নিয়ে দুদকের সতর্কতা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নাম ভাঙিয়ে প্রতারক চক্রের তৎপরতা প্রসঙ্গে সবাইকে সতর্ক করেছে সংস্থাটি। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি তুলে ধরেছে দুদকের জনসংযোগ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদকের নিজস্ব গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন ভুক্তভোগী ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সিরাজুল হকসহ বিভিন্ন নামে কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে এক বা একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র সক্রিয় রয়েছে। তারা সরকারি কর্মকর্তা-কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ, ব্যাংক-বিমায় কর্মরত ব্যক্তিসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের কাছে তাঁদের নামে কমিশনে কল্পিত অভিযোগ আছে অথবা কমিশনের বিবেচনাধীন কোনো অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করছে।
দুদকের মতো সংবিধিবদ্ধ সংস্থায় কোনো ব্যক্তির একক অভিপ্রায় অনুসারে অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার অথবা অভিযুক্ত হওয়ার কোনো আইনি সুযোগ নেই। অনুসন্ধান বা তদন্তসংক্রান্ত সব যোগাযোগ টেলিফোন বা মোবাইল ফোনে করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে কমিশনের। তারা বলছে, কমিশনের এ-সংক্রান্ত সব যোগাযোগ কেবল লিখিত চিঠির মাধ্যমেই করা হয়। টেলিফোন বা মোবাইল ফোনে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের কোনো প্রশাসনিক এবং আইনি সুযোগ নেই।
প্রতারকদের এ ধরনের অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে কমিশন। প্রতারকদের আইনের আওতায় আনার জন্য এদের বিরুদ্ধে নিকটস্থ থানা অথবা র্যাব কার্যালয় অথবা দুদকের পরিচালক (মনিটরিং) টেলিফোন: ৯৩৫২৫৫২ এবং মোবাইল নম্বর: ০১৭১১৬৪৪৬৭৫-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।