প্রতারক চক্রের চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সংঘবদ্ধ প্রতারক চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন কুলসুমা আক্তার (২৭), মুন্না কামাল (৩৬), মো. রবি (২২) ও আবদুস সাত্তার (২৮)। গত বৃহস্পতিবার রাতে নগরের কর্ণফুলী চরলক্ষা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানিয়েছে, নগরের ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তিকে মহিলাদের দিয়ে ফোন করে ডেকে নিয়ে বিভিন্ন ধরনের ছবি তুলে তাঁদের কাছ থেকে টাকা আদায়ের ঘটনায় জড়িত তাঁরা। নগরে এলাকাভিত্তিক চারটি প্রতারক দল রয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, প্রতারক চক্র দলের সদস্য মুন্না কামাল বিভিন্ন ব্যক্তির মুঠোফোন নম্বর সংগ্রহ করে তাঁর স্ত্রী কুলসুমাকে দেন। তিনি তাঁদের সঙ্গে মুঠোফোনে কথা বলে নির্দিষ্ট জায়গায় দেখা করার জন্য বলেন। নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে দেখা করার জন্য গেলে সেখানে আগে থেকে ওতপেতে থাকা ওই দলের সদস্যরা তাঁকে আটক করে মহিলার সঙ্গে প্রথমে ছবি তোলেন। পরে তাঁর পরিবার বা বন্ধুবান্ধবের কাছে ফোন করে চক্রটি বিকাশের মাধ্যমে টাকা গ্রহণ করে। তাদের রয়েছে একাধিক বিকাশ নম্বর। বাবুল আক্তার আরও জানান, নগরে এলাকাভিত্তিক চারটি দল রয়েছে। প্রতিটি দলে একজন করে নারী সদস্য রয়েছেন। তাঁরা হলেন বগার বিল এলাকার জেসি, ইস্পাহানি এলাকার শারমিন, স্টিল মিল এলাকার সুমি ও চান্দগাঁও এলাকার কুলসুমা। প্রতিটি দলে পাঁচ থেকে ছয়জন সদস্য রয়েছে। পুলিশের হাতে গ্রেপ্তার কুলসুমা এই দলের নেতা মুন্না কামালের তৃতীয় স্ত্রী। এই দলে আরও আছে নুরুদ্দিন ও জাফর। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, নগরে চারটি দলে প্রায় বিশজন সদস্য আছেন। তাঁদের মধ্যে গ্রেপ্তারকৃতরা ছাড়াও জাফর, নূরুদ্দিন, ফারুক, সিলেটি আনোয়ার, বস্তি শাহাবুদ্দিন, সেলিম, সুমি, জুয়েল, এনাম, শারমিন ও জেসি অন্যতম।