কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গতকাল শুক্রবার ক্রেতা সেজে জাল ডলার কিনতে গিয়ে প্রতারকদের হামলায় আহত হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক সদস্য। এ সময় র্যাবের গুলিতে আবুদল করিম নামের এক ব্যক্তিও আহত হন। করিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।করিম উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের আতরতোপা গ্রামের রুসমত আলীর ছেলে।র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাতটার দিকে র্যাব-৯-এর (ভৈরব ক্যাম্প) একটি দল সাদা পোশাকে উপজেলার উত্তর চারিপাড়া এলাকায় আবদুল করিমের কাছে জাল ডলার কিনতে আসে। এ সময় করিমকে র্যাবের সদস্যরা জাপটে ধরেন। পরে প্রতারকেরা র্যাবের সদস্য নফিজ সরকারের মাথায় দা দিয়ে আঘাত করলে র্যাব পাল্টা গুলি চালায়। এ সময় করিম গুলিবিদ্ধ হন। করিমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে অবস্থার অবনিত হলে তাঁকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, করিমের বিরুদ্ধে জাল ডলার কেনাবেচার অভিযোগে কয়েকটি মামলা রয়েছে।