প্রতারক বীজপ্রতিষ্ঠানের নাম গণমাধ্যমে প্রকাশ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর ধরে দুটি কোম্পানির হাইব্রিড বীজ কিনে কৃষক প্রতারিত হচ্ছে। ফলন খারাপ হচ্ছে। যেসব কোম্পানি কৃষককে খারাপ বীজ দিয়ে প্রতারণা করবে, তাদের চিহ্নিত করে তালিকা গণমাধ্যমে প্রকাশ করা হবে, যাতে পরবর্তী সময়ে কৃষক আর প্রতারিত না হয়। গতকাল মঙ্গলবার জাতীয় বীজ সম্মেলন ও মেলা উদ্বোধনের সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এসব কথা বলেন।মতিয়া চৌধুরী আরও বলেন, খাদ্যনিরাপত্তার জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ কৃষির উত্পাদন বাড়াতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। কৃষকের ক্ষতি হয় এমন কিছু করলে প্রতারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলায় বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, হাইব্রিডের লাইনবীজ আমদানি করতে রাষ্ট্রীয় পর্যায়ে দ্বিপক্ষীয় উদ্যোগের প্রয়োজন হয়। বিশ্বের যেকোনো দেশ হতে বীজ আমদানির ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।কৃষিসচিব সি কিউ কে মোশতাকের সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি মন্ত্রণালয়ের (বীজ উইং) মহাপরিচালক আনোয়ার ফারুক। প্রবন্ধে তিনি জানান, ২০০৭-০৮ অর্থবছরে মোট চাহিদার ১৮ শতাংশ বীজ সরকারিভাবে সরবরাহ করা হয়। ২০১০-১১ অর্থবছরে সরবরাহ বেড়ে ২২ শতাংশ এবং ২০১৪-১৫ অর্থবছরে তা ২৭ শতাংশে উন্নীত হবে। মানসম্মত বীজের ব্যবহার এভাবে বাড়াতে পারলে দেশে খাদ্যের উত্পাদন আরও বাড়ানো সম্ভব।আনোয়ার ফারুক আরও জানান, দেশে প্রতিবছর বিভিন্ন ফসলের ১১ লাখ মেট্রিক টন বীজ প্রয়োজন। এর মধ্যে পাঁচ শতাংশ বীজ আমদানি করা হয় এবং বাকি ৯৫ শতাংশ স্থানীয়ভাবে সরবরাহ করা হয়।বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাহবুব আনাম বলেন, সরকার আমনের মৌসুমে ধানের উত্পাদন বাড়ানোর যে পরিকল্পনা নিয়েছে, বীজ কোম্পানিগুলো সে ব্যাপারে সরকারকে সহযোগিতা করতে চায়। এখনো ৬০ শতাংশ দেশি জাতের বীজ দিয়ে আমন চাষ হয়। তবে গত আমনের মৌসুমে বেশ কিছু হাইব্রিডের বীজ চাষ করায় ফলন ২০ শতাংশ বেড়েছিল।কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী এ মেলায় ভারত, চীন, নেপাল, ভুটান, পাকিস্তান ও নেদারল্যান্ড থেকে ৭০টিরও বেশি বীজ উত্পাদনকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।