প্রতারককে থানায় সোপর্দ করতে শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বান
শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের কথা বলে একটি প্রতারক চক্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের কাছে অর্থ দাবি করছে বলে অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে মন্ত্রণালয়ে স্বাভাবিক নিয়মে সম্পন্ন বিভিন্ন কাজকে নিজেদের কৃতিত্ব হিসেবে জাহির করে এসব প্রতারক নানা কৌশলে টাকাপয়সা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ। গতকাল মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এসব প্রতারককে পাকড়াও করে নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, ভবন নির্মাণ, এমপিভুক্ত, বিষয় খোলা, প্রকল্প অনুমোদন প্রভৃতি শিক্ষা মন্ত্রণালয়ের রুটিন কাজ, যা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে স্বাভাবিক নিয়মে সম্পন্ন হয়। এ ধরনের সরকারি কাজের জন্য অর্থ আদায়ের কোনো বিধান নেই। মন্ত্রণালয়ের কর্মকর্তা বা কর্মচারীরা কোনো কাজের জন্যই কখনো অর্থ দাবি করতে পারেন না।
শিক্ষা মন্ত্রণালয় বা এর অধীন দপ্তরে কর্মরত কেউ এ ধরনের কাজের জন্য অর্থ দাবি বা গ্রহণ করেছেন, এমন কিছু প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কাজের জন্য কাউকে কোনো টাকা না দেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবার প্রতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। তথ্য বিবরণী।