প্রতারকের খপ্পরে পড়ে অর্ধশতাধিক যুবক সর্বস্বান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানোর নাম করে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের অর্ধশতাধিক যুবকের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে হাফেজ জাফর আলম নামের এক আদম পাচারকারীর বিরুদ্ধে। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মৃত আহমদ হোসেনের ছেলে জাফর দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েতসহ বিভিন্ন দেশে পাঠানোর নামে কৌশলে তাঁদের কাছ থেকে লাখ লাখ হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছেন।কয়েক মাস ধরে জাফর আলমকে এলাকায় না পেয়ে নিঃস্ব ও সর্বস্বান্ত হওয়া যুবকেরা উখিয়া ও টেকনাফ থানায় পৃথক জিডি ও অভিযোগ দায়ের করেছেন। টাকা ফেরত চাওয়ায় তাঁর পরিবারের লোকজন ক্ষতিগ্রস্ত যুবকদের হুমকি-ধমকি দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। সরেজমিনে খোঁজখবর নিয়ে জানা যায়, হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া গ্রামের হাজি আবদুল গফুরের ছেলে বেকার যুবক মোহামঞ্চদ আবদুল্লাহ গত বছরের ২৯ সেপ্টেম্বর জাফর আলমের হাতে অগ্রিম দুই লাখ ১৫ হাজার টাকা তুলে দেন।গফুর বলেন, ‘আমার শেষ সম্বল ২০ শতক চাষের জমি বিক্রি করে ওই টাকা জাফরকে দিয়েছি। সাত মাস পার হলেও ভিসা দূরের কথা, তাঁকে খুঁজেও পাওয়া যাচ্ছে না।’ মোহামঞ্চদ আবদুল্লাহ অভিযোগ করে বলেন, ১২ মে টাকা ফিরে পেতে বাড়িতে গেলে তাঁর ভাগিনা আবদুর রহমান মেরে ফেলার হুমকি দেন। আবদুল গফুর ওই দিনই টেকনাফ থানায় মামা-ভাগিনার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন।এ প্রসঙ্গে জানতে চাইলে মুঠোফোনে আবদুর রহমান বলেন, ‘তাঁকে সামান্য বকাঝকা করেছি।’ একইভাবে প্রতারণার ফাঁদে পড়ে সৌদি আরব যাওয়ার আশায় জাফর আলমকে দুই লাখ ৪০ হাজার টাকা দিয়েছেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বটতলী গ্রামের নুরুল বশরের ছেলে সরওয়ার। তিনি বলেন, ‘বাবা চারটি হালের বলদ বিক্রি করে টাকা দেন গত বছরের অক্টোবর মাসে। তিন-চার মাসের মধ্যে ভিসা দিয়ে সৌদি আরব নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কয়েক মাস ধরে তাঁকে খুঁজে পাচ্ছি না। জাফরের প্রতারণা বুঝতে পারিনি।’ একইভাবে কাতার যাওয়ার আশায় জাফরকে আড়াই লাখ টাকা দেন একই ইউনিয়নের তেলখোলা গ্রামের আবদুস সালামের ছেলে শাহাব উদ্দিন। শাহাব উদ্দিন বলেন, ‘সুপারি বাগান বিক্রি করে জাফরকে টাকা দিয়েছি। জাফর এখানে বাড়ি এসে আমাদের প্রলোভনে ফেলে কৌশলে এই টাকা হাতিয়ে নেয়।’জাফরের প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারানো অন্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া গ্রামের মোহামঞ্চদ শফির ছেলে রশিদ আহমদ, নুরুল ইসলামের ছেলে মোহামঞ্চদ জসিম, নুরুল আলমের ছেলে জাহাঙ্গীর আলম, আবদুস শুক্কুরের ছেলে জানে আলম, খুইল্যা মিয়ার ছেলে ছব্বির আহমদ; উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে দুদু মিয়া, রহমতের বিল গ্রামের রিকশাচালক খোরশেদের ছেলে ছৈয়দ আলম, বালুখালীর জব্বার মিয়া, নুরুল হকসহ আরও অনেকে। ১৫ মে উলুবনিয়া এলাকার জাফর আলমের বাড়িতে গেলে দেখা যায়, বাড়িটি তালাবদ্ধ। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য বাসিন্দা জালাল আহমদ এ প্রসঙ্গে বলেন, জাফর আলম উখিয়া ও টেকনাফের অর্ধশতাধিক লোকের কাছ থেকে বিদেশে পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। পাওনাদারের ভয়ে এক মাস ধরে তিনি পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন। তাঁর প্রতারণার ফাঁদে পড়ে অনেকে সর্বস্ব হারিয়েছেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, জাফর আলম নামের ওই আদম পাচারকারীর বিরুদ্ধে উখিয়া থানায় কয়েকটি জিডি ও অভিযোগ তদন্তাধীন রয়েছে। টেকনাফ থানার ওসি মাহবুবুল হক এ প্রসঙ্গে বলেন, টেকনাফ থানায় জাফর আলমের বিরুদ্ধে টাকা আত্মসাৎ, প্রতারণা ও হুমকি দেওয়ার অভিযোগে তিনটি জিডি ও কয়েকটি এজাহার রয়েছে। তাঁকে এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জের মাধ্যমে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।