প্রতারণা করে ছয় বিয়ে
বিভিন্ন পরিচয়ে তিনি অন্তত ছয়টি বিয়ে করেছেন। বেশির ভাগ ক্ষেত্রেই বিয়ের পর মোটা অঙ্কের যৌতুক আদায় করে উধাও হয়ে গেছেন। নাম-পরিচয় ও ঠিকানা গোপন করে প্রতারণার আশ্রয়ে একের পর এক বিয়ে করা এই লোকটির আসল নাম সোহানুর ইসলাম ওরফে শাহিন। বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার ছোট রাউতা (চকধাপাড়া) গ্রামে।
অনুসন্ধানে জানা গেছে, বগুড়া শহরের রহমাননগর কাজি অফিসপাড়ার রিমি (ছদ্মনাম) একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ২০০৬ সালের শেষের দিকে তাঁর কর্মস্থল ছিল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়। সেখানেই সোহানুরের সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। তখন সোহানুর নিজের আসল নাম-ঠিকানা গোপন করে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন ব্যবস্থাপক হিসেবে পরিচয় দেন। এরপর রিমির সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওই বছরের ১ ফেব্রুয়ারি আদালতে বিয়ে করেন। তাঁদের ঘরে একটি ছেলেসন্তান হয়। একপর্যায়ে রিমি জানতে পারেন, তাঁর আগে সোহানুর ডোমারের শাহপাড়া গ্রামে এবং রংপুরের পীরগঞ্জ উপজেলায় আরও দুটি বিয়ে করেছেন। তবে সোহানুরের সঙ্গে ছাড়াছাড়ি করতে চাননি রিমি। কিন্তু সোহানুর দমেননি। রিমির সঙ্গে সংসার করা অবস্থাতেই আরও তিনটি বিয়ে করেন। এসব ঘটনা একসময় ফাঁস হয়ে যায়। পরে গত বছরের ১৩ এপ্রিল পঞ্চগড় সদর উপজেলার কোমাতপাড়া গ্রামের এক ব্যক্তি সোহানুরের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, সোহানুর নিজেকে সোহানুর আলম ওরফে সুমন পরিচয় দিয়ে ২০১২ সালে তাঁর মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যান। এ সময় একটি ভুয়া জাতীয় পরিচয়পত্রও দেখান। একটি ওষুধ কোম্পানিতে আঞ্চলিক কর্মকর্তা পদে ভালো বেতনে চাকরি করেন এবং বাবা-মা কেউ জীবিত নেই বলে জানান। পরের বছরের ৮ জানুয়ারি মেয়েকে তাঁর সঙ্গে বিয়ে দেন ওই ব্যক্তি। বিয়ের পরপরই এক লাখ টাকা যৌতুক নেন। চার মাসের মাথায় যৌতুকের জন্য আরেক দফা চাপাচাপি করলে তাঁর সব কাণ্ডকীর্তি ফাঁস হয়ে যায়। এর মধ্যে মাত্র আট দিনের মাথায় ১৬ জানুয়ারি সোহানুর পঞ্চগড় সদরের কায়েতপাড়ার বিলকিছকে (ছদ্মনাম) বিয়ে করেন।
বিয়ের কাবিননামা সূত্রে জানা গেছে, সোহান ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে কায়েতপাড়ার বিলকিছকে বিয়ে করেন। এক লাখ ২৫ হাজার টাকার দেনমোহরের সবই বাকি রেখে ওই বিয়ে রেজিস্ট্রি করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, বিয়ের কয়েক দিনের মাথায় বেশ কিছু নগদ টাকা নিয়ে এখান থেকে চম্পট দেন সোহানুর। এ ছাড়া সোহানুরের বিরুদ্ধে ২০১০ সালের ৩ এপ্রিল আরেকটি মেয়েকে ফাঁদে ফেলে বিয়ে করার তথ্য-প্রমাণ মিলেছে।
রিমি বলেন, ‘প্রতারণার ফাঁদ পেতে মেয়েদের বিয়ে করে যৌতুক ও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া সোহানুরের নেশা। গত এক বছরে প্রতারণার ফাঁদ পেতে কয়েকজন অসহায় মেয়ের সর্বনাশ করেছে বলে জানতে পেরেছি। এসব প্রতারণার ঘটনায় বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে পৃথক দুটি মামলা করেছি। মামলার পর থেকেই সোহানুর গা ঢাকা দিয়েছে। শুনেছি সে বর্তমানে ঢাকায় রয়েছে।’
জানতে চাইলে সোহানুরের বাবা ওহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এসব অপকর্মের জন্য সোহানুরকে ত্যাজ্যপুত্র ও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই। সে কয়টা বিয়ে করেছে, সেটাও জানি না।’