প্রতারণা থেকে বাঁচলেন ঋষিপাড়ার মানুষেরা
নরসিংদীর শিবপুর উপজেলায় কামরাব এলাকার ঝোলারটেক ঋষিপাড়ায় বুধবার এক কীর্তনের অনুষ্ঠানে গিয়েছিলেন জেলা প্রশাসক। তাঁকে কাছে পেয়ে বিদ্যুতের আশায় প্রতারিত হওয়া পাড়ার দরিদ্র মানুষগুলো তাঁদের দুঃখের কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে আটক করেন চার প্রতারককে। পরদিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের কাছ থেকে আত্মসাৎ করা অর্থ আদায়সহ জরিমানা করা হয়। বিদ্যুৎ দেওয়ার নাম করে ঋষিপাড়ার ওই মানুষগুলোর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা আত্মসাৎ করেছিল ওই চক্রটি।
ঋষিপাড়ার বাসিন্দারা জানান, দেড় বছর আগে এলাকায় বিদ্যুৎ-সংযোগ পেতে পল্লী বিদ্যুতের একটি চক্রের সঙ্গে পরিচয় করিয়ে দেন স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল আউয়াল। চক্রটির সঙ্গে ৭০টি সংযোগ পেতে ১০ লাখ টাকায় চুক্তি হয়। এর মধ্যে ২৫ হাজার টাকা দরে ২১টি খুঁটি বাবদ পাঁচ লাখ ২৫ হাজার ও প্রতিটি মিটার আট হাজার টাকা করে পাঁচ লাখ ৬০ হাজার টাকা দেওয়ার কথা হয়। প্রাথমিক পর্যায়ে দুই লাখ ৭০ হাজার টাকা নেয় তারা। তার পর থেকেই সংযোগ দিতে টালবাহানা শুরু হয়। সম্প্রতি চক্রটি এলাকায় চারটি বৈদ্যুতিক খুঁটি বসিয়ে আরও আড়াই লাখ টাকা দাবি করে।
বুধবার রাতে ঋষিপাড়ায় একটি কীর্তন অনুষ্ঠানে আসেন জেলা প্রশাসক ওবায়দুল আজম। সেখানে ঋষিদের মৌখিক অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সংযোগের নামে নেওয়া অর্থ আদায় ও অভিযুক্তদের মুচলেকা নিয়ে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন আদালত।
খোঁজ নিয়ে জানা গেছে, পল্লী বিদ্যুৎ সমিতির স্বাভাবিক নিয়মেই তাদের নিজস্ব তত্ত্বাবধানে ওই এলাকাটিতে ৭০টি বিদ্যুৎ-সংযোগ দিতে পারবে। প্রতিটি সংযোগের জন্য খরচ পড়বে মাত্র ৭২০ টাকা করে।
অনুসন্ধানে জানা গেছে, বাসিন্দাদের কাছ থেকে নেওয়া দুই লাখ ৭০ হাজার টাকা চার ভাগ করে চক্রটি। এর মধ্যে সাবেক ইউপি সদস্য আউয়াল পান ২৩ হাজার, রায়পুরা উপজেলার মরজাল এলাকার অবৈধ বিদ্যুৎ-সংযোগ দানকারী মিস্ত্রি মোছলেম মিয়া ৯০ হাজার, মরজাল পল্লী বিদ্যুৎ আঞ্চলিক কার্যালয়ের গুদামের শ্রমিকসর্দার মোহাব্বত আলী এক লাখ নয় হাজার ও সমিতির পাপিয়া কনস্ট্রাকশন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মফিজুল ইসলাম নেন ৪৮ হাজার টাকা।
প্রতারক চক্রের সদস্য মোহাব্বত আলী বলেন, খুঁটিগুলো মফিজুল অন্য জায়গায় কাজের কথা বলে গুদাম থেকে বের করেছিলেন।
খুঁটি নেওয়ার কথা অস্বীকার করে মফিজুল বলেন, ‘খুঁটিগুলা আমার না। আর আমি টাকাও নিতে চাই নাই। আমারে জোর কইরা দিছে।’
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির-২-এর ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক প্রদীশ কুমার মণ্ডল বলেন, এসব চক্রের প্রতারণার কারণে পল্লী বিদ্যুৎ সমিতির আজ এই দুরবস্থা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক ওবায়দুল আজম বলেন, প্রতারণার শিকার ওই মহল্লার বাসিন্দারা যাতে দ্রুত বিদ্যুৎ পান, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।