প্রতারণা মামলায় পুলিশ কর্মকর্তাকে সমন
একটি চেক প্রতারণা মামলায় রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. তৌফিকুল ইসলামকে সমন দিয়েছেন বরিশালের মুখ্য বিচারিক হাকিম আদালত। আগামী ৫ জুনের মধ্যে তাঁকে হাজির হয়ে সমনের জবাব দেওয়ার দিন ধার্য করেছেন আদালত। গত বুধবার বরিশাল অগ্রণী ব্যাংকের চক বাজার শাখার ব্যবস্থাপক আ ন ম বজলুর রশিদের নালিশি মামলায় ওই আদেশ দিয়েছেন মুখ্য হাকিম মো. মাসুদুর রহমান। মামলা সূত্রে জানা গেছে, বরিশালের ষষ্ঠ আর্মড ব্যাটালিয়ন পুলিশের সহকারী কমিশনার হিসেবে কর্মরত অবস্থায় ২০১০ সালের ৭ জুন নগরের অগ্রণী ব্যাংকের চক বাজার শাখার ভোগ্যপণ্য খাত থেকে দুই লাখ টাকা ঋণ নেন মো. তৌফিকুল ইসলাম।তিনি সেই ঋণের কিছু কিস্তি পরিশোধের পর তা বন্ধ করে দেন। এরপর ব্যাংকের পক্ষ থেকে তাঁকে বারবার তাগাদা দিলে ওই হিসাব নম্বরের অনুকূলে গত ১২ ফেব্রুয়ারি তিনি দুই লাখ ২৩ হাজার টাকার একটি চেক দেন। ব্যাংক ১৩ ফেব্রুয়ারি চেকটি জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ফেরত আসে। এরপর ১৬ ও ২০ ফেব্রুয়ারি আবার টাকা তোলার জন্য চেকটি জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় ফেরত দেয় ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে সহকারী পুলিশ কমিশনার মো. তৌফিকুল ইসলামকে আইনি নোটিশ দেয় ব্যাংক। গত ১ মার্চ পর্যন্ত নোটিশের জবাব না দেওয়ায় ব্যাংক মুখ্য বিচারিক হাকিম আদালতে নালিশি অভিযোগ করে।