প্রতারণা মামলায় সাজা পাওয়া সাবেক সাংসদ গনির আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির সাবেক সাংসদ আবদুল গনি আত্মসমর্পণ করেছেন। গত বৃহস্পতিবার খুলনা বিভাগীয় দ্রুতবিচার ট্রাইবুনালে তিনি আত্মসমর্পণ করেন। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।খুলনা কারাগারের একটি সূত্র জানায়, আবদুল গনি অসুস্থ হওয়ায় কারাবিধি অনুযায়ী চিকিৎসার জন্য তাঁকে কারা হাসপাতালে পাঠানো হয়েছে। আবদুল গনির ভাই কামরুল ইসলাম তাঁর আত্মসমর্পণ ও জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৭ সালের ৯ এপ্রিল গাংনী উপজেলার বাজারপাড়া এলাকার সিরাজুল ইসলাম ও কড়ুইগাছি গ্রামের রফিকুল ইসলাম গাংনী থানায় দুটি মামলা করেন। একই সালের ২২ নভেম্বর মামলা দুটি খুলনা বিভাগীয় দ্রুতবিচার ট্রাইবুনালে স্থানান্তরিত হয়। ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ২০০৮ সালের ১০ নভেম্বর আবদুল গনিকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত। মামলার পর থেকে আবদুল গনি পলাতক ছিলেন। তাঁর অনুপস্থিতেই রায় দিয়েছিলেন আদালত। আবুদল গনি ১৯৯৬ ও ২০০১ সালে মেহেরপুর-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হন।