ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ‘ডিভি ভিসা’ বা লটারি বিষয়ে প্রতারণামূলক ই-মেইল সম্পর্কে বাংলাদেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ আহ্বান জানায়। খবর বাসসের।বিজ্ঞপ্তিতে বলা হয়, কতিপয় মহল নিজেকে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর কিংবা ‘ডিভি ভিসা’ বা লটারি বা ‘গ্রিন কার্ড’বিষয়ক মধ্যস্থতাকারী দাবি করে বাংলাদেশি নাগরিকদের কাছে ক্ষতিকারক ও প্রতারণামূলক ই-মেইল পাঠাচ্ছে।দূতাবাস এসব বিষয়ে ব্যাখ্যা করে জানায়, ডিভি-সংক্রান্ত ঘোষণাবলী ই-মেইলের মাধ্যমে পাঠানো হয় না। ‘আপনি লটারি জিতেছেন কিংবা গ্রিন কার্ড পেয়েছেন’ এমন দাবি করা যেকোনো ই-মেইল অবৈধ।এ ক্ষেত্রে সরাসরি যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট দেখার অনুরোধ জানানো হয়েছে।এতে আরও বলা হয়, এমনকি কিছু কিছু ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের পতাকা, সরকারি দপ্তরের কোনো ভবনের ছবি কিংবা বিখ্যাত কোনো ব্যক্তিত্বের ছবি দিয়েও প্রতারণা করা হচ্ছে।এসব প্রতারণা এড়াতে দূতাবাস ইন্টারনেটে যুক্তরাষ্ট্রের সরকারি দপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার অনুরোধ জানিয়েছে। এতে বলা হয়, যে ওয়েবসাইটের ঠিকানায় ‘গভ’ সূচক রয়েছে, কেবল সেটিই যুক্তরাষ্ট্র সরকারের বৈধ ওয়েবসাইট। ‘কম’, ‘নেট’ বা ‘অরগ’ সূচকের ওয়েবসাইটের ই-মেইল অবৈধ।