প্রতারণামূলক এমএলএম ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডেসটিনিসহ সকল প্রতারণামূলক’ এমএলএম (মাল্টিলেভেল মার্কেটিং) ব্যবসা বন্ধের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী’র ব্যানারে দুপুর ১২টায় রাজু ভাস্কর্যের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এমএলএমের নামে দেশে যে প্রতারণা চলছে, তাতে অনেক মানুষ নিঃস্ব হচ্ছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া ছাত্রদের উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের ব্যবসায় যুক্ত করায় লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছেন তাঁরা। সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই তাঁদের এই আয়োজন।ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র মো. নজরুল ইসলাম বলেন, অনেক শিক্ষার্থীকে পড়ালেখার পাশাপাশি নিজে চলার মতো টাকা উপার্জনের ব্যবস্থা করতে হয়। এমএলএম ব্যবসায়ীরা তাঁদের টার্গেট করেন। কিছু না বুঝে অনেক শিক্ষার্থী এমএলএম ব্যবসায় টাকা বিনিয়োগ করেন। কিন্তু অনেকেই শেষ পর্যন্ত তেমন কোনো লাভ পান না। বরং ওই দিকে মনোযোগ দিতে গিয়ে অনেকের পড়ালেখায় ব্যাঘাত ঘটে।মানববন্ধন আয়োজকদের একজন চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের ছাত্র মো. শাহাবুদ্দিন শেখ বলেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, বরং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তাঁদের এই উদ্যোগ। আয়োজকেরা বলেন, সব ধরনের এমএলএম ব্যবসা বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে তাঁরা আরও কঠোর কর্মসূচি দেবেন।