প্রতারণার অভিযোগ স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪
মুঠোফোনে ফাঁদ পেতে বাসায় ডেকে টাকা লুট ও বিবস্ত্র ছবি তুলে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতারিত এক ব্যক্তির মামলা করার পর গত শুক্রবার রাতে নগরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গতকাল শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী প্রথম আলোকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে হালিশহর থানার রামপুরা ঈদগাঁও এলাকা থেকে শুক্রবার মধ্যরাতে আবদুল মান্নান ও মো. মামুনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকা থেকে মো. কামাল পাশা ও তাঁর স্ত্রী তাসলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন, বাসায় ডেকে এনে বিবস্ত্র ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে লোকজনের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন তাঁরা।