প্রতারণার অভিযোগে এপিপি কারাগারে
সাতক্ষীরায় প্রতারণার অভিযোগে করা এক মামলায় গতকাল মঙ্গলবার এক অতিরিক্ত সরকারি কৌঁসুলিকে (এপিপি) কারাগারে পাঠিয়েছেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী সৈয়দ এখলেছার আলী জানান, ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে সাতক্ষীরার ব্যবসায়ী মীর মাহমুদ আলীকে ৩০ লাখ টাকার একটি চেক দেন শহরের কুকরালি এলাকার আলমগীর বিশ্বাস নামের অপর এক ব্যবসায়ী। নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধের শর্তে জনতা ব্যাংকের বাঁকাল শাখার অনুকূলে চেকটি দেওয়া হয়। আলমগীর বিশ্বাসের ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত (ডিসঅনার) হয়। টাকা আদায়ের জন্য সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিমের আদালতে ২০১৪ সালের ১ ডিসেম্বর চেক ডিসঅনার মামলা করেন মীর মাহমুদ আলী।
আইনজীবী সৈয়দ এখলেছার আলী বলেন, এই মামলা চলমান অবস্থায় এপিপি সৈয়দ জিয়াউর রহমান মামলার অভিযোগ গঠনের শুনানির দিন গত ২৮ জুলাই বাদীপক্ষের কাগজপত্র দেখার জন্য নেন। পরে সেখান থেকে ৩০ লাখ টাকার চেক, চেক প্রত্যাখ্যানের রসিদসহ প্রয়োজনীয় কাগজগুলো আসামিপক্ষের কাছে গোপনে হস্তান্তর করেন। এ বিষয়ে জেলা আওয়ামী আইনজীবী পরিষদের নেতাদের কাছে লিখিত অভিযোগ করেন মীর মাহমুদ আলী।
বিষয়টি নিয়ে জেলা আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা কয়েক দফা সালিসে বসেন। কিন্তু চেক ফেরত না পাওয়ায় সাতক্ষীরা সদর থানায় এপিপি সৈয়দ জিয়াউর রহমান, তাঁর সহকারী (মুহুরি) মোমিনুর রহমান ও ব্যবসায়ী আলমগীর বিশ্বাসকে আাসামি করে ১৪ আগস্ট রাতে মামলা করেন মীর মাহমুদ আলী। ওই রাতে পুলিশ আলমগীর বিশ্বাসকে আটক করে পরদিন বাদীর জিম্মায় দেয়। গতকাল দুপুরে এপিপি সৈয়দ জিয়াউর রহমান আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।