গণমাধ্যমের বিরূপ প্রচারণায় ডেসটিনির ক্রেতা-পরিবেশকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন—এ অভিযোগে গত বৃহস্পতিবার রাজশাহী নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করে ডেসটিনির বিভাগীয় ডিস্ট্রিবিউটর ফোরাম। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষকের সঙ্গে ডেসটিনির প্রতারণাসহ নানা অভিযোগ ওঠায় হইচইয়ের মধ্য দিয়ে শেষ হয় ওই অনুষ্ঠান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ফোরামের সদস্যসচিব মোহাম্মদ আনিসুজ্জামান। উপস্থিত ছিলেন ফোরামের আহ্বায়ক মঞ্জুরুল মোর্শেদসহ স্থানীয় কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বহুধাপ বিপণন পদ্ধতিতে (এমএলএম) কারও প্রতারিত হওয়ার সুযোগ নেই। তাঁদের প্রতিষ্ঠানের কোনো সদস্য এ পর্যন্ত আমানত হারাননি। এ সময় প্রথম আলোর পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের চেয়ারম্যানসহ পাঁচজন শিক্ষকের আমানত হারানোর প্রসঙ্গ তোলা হলে ডেসটিনির কর্মকর্তারা বলেন, এ ধরনের ঘটনা তাঁদের জানা নেই। সঙ্গে সঙ্গে একজন শিক্ষকের সিআইডি নম্বর (৫৭৩১৯৯৬) ও ডিআইএন নম্বর (আরএজেড ০৫১২০০০১ ইউ জেড জেড পি আর ও) জানালে তাঁরা ল্যাপটপে ওই শিক্ষকের তথ্য পেয়ে যান।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পাঁচজন শিক্ষক ডেসটিনির মাধ্যমে প্রতারিত হয়েছেন, তাঁদের একজন আপাতত নিজের পরিচয় না প্রকাশ করে শুধু সিআইডি নম্বর দিয়ে প্রথম আলোকে জানান, তিনি ডেসটিনির একজন পরিবেশকের (ডিস্ট্রিবিউটর) কথার জালে পড়ে নিজের ও তাঁর স্ত্রীর হিসাব থেকে ব্যাংক জমাতিরিক্ত ঋণ নিয়ে ১০ লাখ টাকা দিয়ে ৪৫টি প্যাকেজ কেনেন। টাকা দেওয়ার প্রমাণপত্র তাঁর কাছে রয়েছে। তালিকা অনুযায়ী, তাঁর ডাউন লাইনে ছিল ১০-১২ জন। সেই অনুযায়ী, তাঁর নির্ধারিত টাকার বার্তা আসার কথা থাকলেও আসেনি। পরে তিনি ঢাকায় ডেসটিনির মহাব্যবস্থাপকের সঙ্গে দেখা করেন। সেখানে জানতে পারেন, তাঁকে ভুয়া তালিকা দেওয়া হয়েছে। তিনি প্রতারিত হয়েছেন। এরপর তিনি ওই পরিবেশকদের কাছে টাকা ফেরত চাইলে তাঁরা সেই টাকা ঢাকা থেকে তুলেও আনেন। কিন্তু ওই টাকা যথাযথভাবে তাঁকে আর দেওয়া হয়নি। ওই শিক্ষক আরও জানান, প্রতারণার বিষয়টি জানিয়ে তিনি গত ১০ ডিসেম্বর ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক বরাবর অভিযোগ করেন। তবে এখনো বিষয়টির সুরাহা হয়নি। এই শিক্ষকের বিষয়ে ডেসটিনি কী করবে—সংবাদ সম্মেলনে এ প্রশ্ন করা হলে বক্তারা বলেন, ঘটনা সত্য হলে ওই পরিবেশকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই শিক্ষক তাঁর টাকা ফেরত পাবেন কি না, তা তাঁরা পরিষ্কার করে বলতে পারেননি।সাংবাদিকদের পক্ষ থেকে এ ধরনের প্রতারণার অভিযোগ একের পর এক উঠতে থাকলে একপর্যায়ে হইচইয়ের মধ্য দিয়ে সংবাদ সম্মেলন শেষ করে দেওয়া হয়।