প্রতারণার অভিযোগ ভুয়া ক্যাপ্টেন গ্রেপ্তার
ঠাকুরগাঁও শহরের একটি আবাসিক হোটেল থেকে সেনাবাহিনীর এক ভুয়া ক্যাপ্টেনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যাপ্টেন পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে গতকাল শুক্রবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম আরিফ। তাঁর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হামিদপুর গ্রামে।সদর থানা সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া মিলনপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে খায়রুল ইসলামকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আরিফ দুই দফায় এক লাখ ছয় হাজার টাকা হাতিয়ে নেন। অঙ্গীকার অনুযায়ী শুক্রবার তৃতীয় দফার এক লাখ টাকা নেওয়ার জন্য ঠাকুরগাঁওয়ে এসে বঙ্গবন্ধু সড়কের আল সউদ নামে আবাসিক হোটেলে ওঠেন আরিফ। তাঁর আচরণে সন্দেহ হলে খায়রুল ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ সাড়ে ১২টার দিকে ওই হোটেলে অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় আরিফ নিজেকে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন পরিচয় দেন। খায়রুল জানান, কিছুদিন আগে আরিফের সঙ্গে তাঁর পরিচয় হয়। সে সময় আরিফ নিজেকে একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তাঁর নাম ডা. ইকবাল কবির নাহিদ বলে জানান। সদর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া আরিফ হোসেনের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, ভিজিটিং কার্ড ও সেনাবাহিনীতে লোক নিয়োগের বিজ্ঞপ্তি ও প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে।