প্রতারণার অভিযোগে আহ্ছানিয়া মিশনের দুই কর্মকর্তা গ্রেপ্তার
প্রতারণার অভিযোগে ঢাকা আহ্ছানিয়া মিশনের দুই কর্মকর্তাকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানার পুলিশ। তাঁদের বিরুদ্ধে সহকর্মীদের সঙ্গে সমবায়ের ভিত্তিতে গড়া আবাসন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন আহ্ছানিয়া মিশনের উপপরিচালক (নিরীক্ষা ও হিসাব) রফিকুল ইসলাম সিদ্দিকী এবং জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবীর।ধানমন্ডি থানার ওসি আনোয়ার হোসেন জানান, আহ্ছানিয়া মিশনের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের উপপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী চারজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ দুই আসামি রফিকুল ও হুমায়ুনকে গ্রেপ্তার করেছে। অন্য দুই আসামি হলেন কথিত জমির মালিক আতিয়ার রহমান মল্লিক ও জমি বিক্রির মধ্যস্থতাকারী এ কে এম ইকবাল।এজাহারে বলা হয়, ঢাকায় জমি কিনে বাড়ি করার জন্য আহ্ছানিয়া মিশনের ৪৬ জন কর্মকর্তা রফিকুলকে সভাপতি ও হুমায়ুনকে সাধারণ সম্পাদক করে ‘আহ্ছানিয়া পল্লী সোসাইটি’ নামে একটি সমিতি গঠন করেন। সমিতির মাধ্যমে জমি কেনার জন্য গত বছরের জুলাই মাসে প্রত্যেকের কাছ থেকে পাঁচ লাখ ২৫ হাজার করে মোট দুই কোটি ৪১ লাখ টাকা নেওয়া হয়। পরে জমি কেনার কথা বলে দুই কোটি ১৫ লাখ টাকা তুলে নেন রফিকুল ও হুমায়ুন। এর মধ্যে ২৫ লাখ ৭৫ হাজার টাকা জমির মাটি ভরাট করার জন্য রাখা হয়েছে বলে সদস্যদের জানানো হয়। একপর্যায়ে মিরপুর এলাকায় জমি কেনা হয়েছে বলে একটি দলিলে সমিতির সদস্যদের সই নেওয়া হয়। দলিলে জমির মালিক হিসেবে আতিয়ার রহমান মল্লিকের সই ছিল। এ ঘটনায় জমি বিক্রির মধ্যস্থতাকারী ইকবালের যোগসাজশ ছিল। পরে খোঁজ নিয়ে দেখা গেছে, জমি বিক্রির বিষয়টি সম্পূর্ণ ভুয়া।ভুক্তভোগী কর্মকর্তারা বলেন, রফিকুল ও হুমায়ুন গতকাল অফিসে এলে ক্ষুব্ধ কর্মকর্তারা তাঁদের ধরে মারধর করে পুলিশে সোপর্দ করেন।