প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দুদক
প্রতারণা করে অবৈধ সম্পদ গড়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পাবনা জেলা কর্মকর্তারা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। গতকাল রোববার দুপুরে জেলা দুদক কার্যালয় থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোল্লা মো. কফিল উদ্দিন (৪৫)। তাঁর বাড়ি জেলার বেড়া উপজেলার চাকলা গ্রামে। দুদক কর্মকর্তাদের দাবি, দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে প্রচুর অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি।
দুদক কার্যালয় সূত্রে জানা যায়, তিনি বিভিন্ন সময় বিভিন্ন স্বনামধন্য ব্যক্তির নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারণা করতেন। পাবনা শহরের সিংগা এলাকায় মুজিব প্যালেস নামে একটি ভবন ভাড়া নিয়ে নানা অপকর্ম করতেন। এ বিষয়ে অভিযোগ উঠলে দুদক প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পায়। পরে তাঁর বিরুদ্ধে পাবনা সদর থানায় দুটি পৃথক মামলা হয়। মামলা দুটির তদন্ত চলার সময় বারবার দুদক কর্মকর্তারা তাঁর সম্পদের হিসাব চাইলে তিনি ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছিলেন। ফলে গতকাল দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দুদক পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক রবীন্দ্রনাথ চাকি বলেন, সম্প্রতি মামলা দুটিতে দুদক তাঁর সম্পদের হিসাব চাইলে তিনি এক লাখ টাকার সম্পদ আছে বলে জানান। কিন্তু অনুসন্ধানে তাঁর ৩৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সন্ধান পাওয়া যায়। সেই সঙ্গে তাঁর স্ত্রী মাহমুদুর নাহারের সম্পদের হিসাব চাইলে তিনি ৩৫ লাখ টাকার সম্পদ দাখিল করেন। কিন্তু অনুসন্ধানে তাঁর স্ত্রীর নামেও প্রায় ৪৩ লাখ টাকার সম্পদ আছে বলে জানা যায়। সেগুলোও জ্ঞাত আয়বহির্ভূত।
গ্রেপ্তার হওয়া মোল্লা কফিল কিছু সাইনবোর্ড-সর্বস্ব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন বলে জানায় দুদক। পাবনা শহর ও আশপাশের এলাকায় তাঁর মালিকানাধীন প্রায় ২২টি প্রতিষ্ঠান আছে। এর মধ্যে শহরের সিংগায় প্যারামেডিকেল কলেজ, বিএড কলেজ, এমএড কলেজ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট কলেজ, সাঁথিয়া উপজেলার বিষ্ণুপুরে রয়েছে শেখ রাসেল বিশ্ববিদ্যালয় এবং মুসলিম কমিউনিটি মেডিকেল কলেজ। অভিযোগ রয়েছে, তিনি এসব প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সনদ বাণিজ্য করতেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, দুদক সদর থানা-পুলিশের সহায়তায় মোল্লা কফিলকে গ্রেপ্তার করে। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।