প্রতারণার অভিযোগে ওহাব খানের বিরুদ্ধে মামলা
অবশেষে প্রতারণার অভিযোগ এনে সেই ‘অজ্ঞ-বিশেষজ্ঞ’ এ ওহাব খানের বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাফ হোসেন বাদী হয়ে এ মামলা করেন।মামলার বরাত দিয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, রাত সাড়ে ১০টার দিকে মামলা করা হয়েছে। মামলায় বলা হয়, এ ওহাব খান প্রতারণা করে ২০০৮ সালে জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের গুলশান শাখায় স্নায়ুরোগ-বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে যোগ দিয়ে প্রতিষ্ঠানের বিশ্বাস ভঙ্গ করেছেন। মামলায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করা হয়।মামলার অভিযোগে আরও বলা হয়, সিকদার মেডিকেলে যোগ দেওয়ার সময় বিভিন্ন হাসপাতালে চাকরি করার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন এ ওহাব খান। সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর নামে গরমিল খুঁজে পায়। কর্তৃপক্ষ তাঁকে মূল চিকিৎসার সনদপত্র জমা দিতে বললে তিনি তা করতে ব্যর্থ হন। ৯ মে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।