প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক ও মানবাধিকারকর্মী পরিচয়ে প্রতারণার অভিযোগে গতকাল শুক্রবার তিনজনকে পুলিশে সোপর্দ করেছেন কয়েকজন পেশাদার সাংবাদিক। তিনজনকে আটক রেখে জিজ্ঞাসাবাদ করছে শাহবাগ থানার পুলিশ।আটক ব্যক্তিরা হলেন: এস এম হুমায়ুন কবীর, শেখ আবদুল আহাদ ও রমজান আলী।প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বিকেলে ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের’ ব্যানারে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি মিলনায়তনে একটি অনুষ্ঠান করে সংস্থাটি। এ সময় সংস্থার সদস্যরা প্রত্যেকেই গলায় ‘প্রেস’ লেখা কার্ড ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। কয়েকজন পেশাদার সাংবাদিক তাঁদের সঙ্গে কথা বলে জানতে পারেন, পাঁচ হাজার টাকার বিনিময়ে প্রতিষ্ঠানটি তাঁদের একটি করে পরিচয়পত্র দিয়েছে। ওই পরিচয়পত্রের কল্যাণে ওই ব্যক্তিরা গাড়ি ও মোটরসাইকেলের সামনে ‘সংবাদপত্র’ লিখে ঘুরে বেড়ানোর সুযোগ পান। এঁদের বেশির ভাগ মোটরসাইকেলের কোনো নিবন্ধন নম্বর নেই। শুধু সামনে-পেছনে বড় করে লেখা ‘মানবাধিকার ক্রাইম রিপোর্টার’। পরে বিষয়টি র‌্যাব-পুলিশকে জানানো হলে সংগঠনের চেয়ারম্যান হুমায়ুন কবীরসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এম এ জলিল বলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংগঠনটির বিতরণ করা লিফলেটে দেখা যায়, এদের কার্যালয় মিরপুর শাহ আলী স্কুল অ্যান্ড কলেজ মার্কেটে। বৃহত্তর মিরপুরের চারটি থানার কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেছেন, সাংবাদিক পরিচয় দিয়ে থানায় গিয়ে অপরাধী ছাড়িয়ে নিতে তদবির করতে এঁরা প্রায়ই আসেন। এ ছাড়া সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগও রয়েছে এঁদের বিরুদ্ধে।