প্রতারণার অভিযোগে রাজবাড়ীর পাংশা উপজেলায় ম্যাক্সিম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের তিন কর্মচারীকে গত শনিবার দুপুরে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ম্যাক্সিম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ঢাকা কার্যালয় থেকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিবুর রহমান দেড় হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছেন—এমন খবর শোনার পর পাংশার গ্রাহকেরা কার্যালয়ের সামনে বিক্ষোভ ও কার্যালয় অবরুদ্ধ করে রাখেন। এ সময় বিক্রয় প্রতিনিধি মেহেদী হাসান এবং কর্মচারী নূর ইসলাম ও জাহাঙ্গীর হোসেনকে তাঁরা আটকে রাখেন। খবর পেয়ে পাংশা থানা-পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাংশা থানা সূত্রে জানা যায়, বিকেলে রহিমা খাতুন, বক্কার আলী আবদুর রশিদ, কাউছার আলী মণ্ডল, পরিতোষ কুণ্ডু নাসরিন আক্তার প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ম্যাক্সিম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে পৃথকভাবে পাংশা থানায় অভিযোগ দায়ের করেন। পাংশা থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ভূঁইয়া জানান, আটক তিনজনের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাইয়ের পর ব্যবস্থা নেওয়া হবে।