প্রতারণার অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
প্রতারণার দায়ে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানার পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে আবদুল গণি রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া কনস্টেবল হাসানুজ্জামান (৩০) প্রাইভেটাইজেশন কমিশনের এক কর্মকর্তার দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি রাজারবাগ পুলিশ লাইনের প্ররক্ষা বিভাগে ন্যস্ত রয়েছেন।শাহবাগ থানার উপপরিদর্শক হীরেন্দ্রনাথ প্রামাণিক জানান, প্রাইভেটাইজেশন কমিশনের চতুর্থ শ্রেণীর কর্মচারী মজিবর রহমান গত সোমবার বিকেলে হাসানুজ্জামানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, মামলায় অভিযোগ করা হয়েছে, কনস্টেবল হাসানুজ্জামান চতুর্থ শ্রেণীর কর্মচারী মজিবর রহমানকে গাজীপুরে জমি কিনে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা নেন। এরপর দীর্ঘদিন ধরে জমিও কিনে দিচ্ছিলেন না, আবার টাকাও ফেরত দিচ্ছেন না। দীর্ঘদিন ঘুরে টাকা ফেরত না পেয়ে মজিবর মামলাটি করেন।এদিকে সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারী কোত্থেকে ১০ লাখ টাকা পেলেন, তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।