মারধর ও প্রতারণার অভিযোগে রাজশাহীর বাগমারা থানার পুলিশ ডেসটিনি-২০০০ লিমিটেডের এক কর্মীকে আটক করেছে। স্থানীয় সাংসদের নির্দেশে গতকাল শনিবার বাগমারায় এই প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করার জন্য মাইকিং করা হয়েছে।আটক হওয়া ডেসটিনির ওই কর্মীর নাম জিয়াউর রহমান (৩০)। তিনি উপজেলার মধ্যঝিনা গ্রামের আবদুর রহমানের ছেলে এবং প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউটর এক্সিকিউটিভ। প্রতারণার শিকার সাগর আলী ও ফারুক হোসেন অভিযোগ করেন, তাঁদের কাছ থেকে তিন মাস আগে ১০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। এক মাস পরেই তাঁদের লভ্যাংশ দেওয়ার কথা। এখন পর্যন্ত তাঁরা কোনো লাভ পাননি। ফিরোজ আহমেদ নামের অপর এক তরুণ অভিযোগ করেন, আটক জিয়াউর রহমান ডেসটিনির কর্মী হিসেবে এলাকার লোকজনের কাছ থেকে অনেক টাকা নিয়ে আত্মসাৎ করেছেন।বাগমারা থানাহাজতে থাকা জিয়াউর রহমান গতকাল প্রতারণার অভিযোগ অস্বীকার করে জানান, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সদস্যদের লভ্যাংশ দেওয়া হয়। তিনি আরও জানান, মাইকিং বন্ধ করা নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়েছে। বাগমারা থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, প্রতারণা ও মারধর করার অভিযোগে জিয়াউর রহমানকে আটক করা হয়েছে। ডেসটিনির কার্যক্রম বাগমারা এলাকায় চালাতে দেবেন না বলে স্থানীয় সাংসদ এনামুল হক ঘোষণা দিয়েছেন। তিনি গতকাল শনিবার বিকেলে বাগমারার সাকোয়া এলাকার সালেহা ইমারত হিমাগার চত্বরে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। সাংসদ এনামুল হক জানান, প্রতিষ্ঠানটির কর্মীদের খপ্পরে পড়ে স্থানীয় লোকজন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাগমারায় এই প্রতিষ্ঠানকে কাজ করতে দেওয়া যাবে না। বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ইউসুফ মো. রেজাউর রহমান জানান, প্রতিষ্ঠানটির কোনো কাগজপত্র তাঁর দপ্তরে নেই। এ ব্যাপারে ডেসটিনি-২০০০ লিমিটেডের স্থানীয় দায়িত্বশীল কর্মকর্তা ফোর স্টার প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর (পিএসডি) মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।