প্রতারণার অভিযোগে বাঘায় আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার দপ্তরের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মুক্তার আলী (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রাজশাহীর বাঘা উপজেলার ছাতারী গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল সোমবার দুপুরে তাঁকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে মুক্তার বেশ কয়েকজন মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, ঢাকার মিরপুরের বাসিন্দা ফিরোজা বেগম গত ২১ জানুয়ারি মুক্তারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মিরপুর থানায় সাধারণ ডায়েরি করেন। মুক্তার ফিরোজার দুজন নিকটাত্মীয়কে চাকরি দেওয়ার নামে প্রথমে দুই লাখ ১০ হাজার ও পরে এক লাখ ১০ হাজার টাকা নেন। অভিযোগ অস্বীকার করে মুক্তার গতকাল বাঘা থানায় প্রথম আলোকে বলেন, আমের ব্যবসা করার জন্য তিনি ফিরোজার কাছ থেকে ওই টাকা ধার নেন। বাঘা থানার উপপরিদর্শক (এসআই) পীযূষ কান্তি কর্মকার জানান, মুক্তার লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।