প্রতারণার অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজশাহীর বাগমারা উপজেলার সাইধারা মহিলা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাকছুদুর রহমানকে (৪০) পুলিশ গ্রেপ্তার করেছে। তবে এলাকাবাসী তাঁকে নির্দোষ দাবি করে মিছিল সমাবেশ করেছে।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সাইধারা মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাকছুদুর রহমান তাঁর প্রতিষ্ঠানে এক মহিলাকে সহকারী গ্রন্থাগারিক পদে চাকরি দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা ঘুষ নেন। তাঁকে চাকরি না দিয়ে বিভিন্নভাবে টালবাহানা শুরু করেন। এ অভিযোগে গত বুধবার প্রতারিত নারীপ্রার্থীর স্বামী আবুল কাসেম বাদী হয়ে থানায় একটি মামলা করেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে প্রতিষ্ঠানের তহবিল থেকে পরিচালনা পর্ষদের কাউকে না জানিয়ে পাঁচ লাখ টাকা তুলে আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়সহ পুলিশ প্রশাসনকে দেওয়া হয়। পুলিশ ওই মামলা ও অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ার পর রোববার বিকেলে মাকছুদুর রহমানকে গ্রেপ্তার করে। তাঁকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গ্রেপ্তারের খবর এলাকায় পৌঁছালে সন্ধ্যায় তিন শতাধিক লোক ভটভটিযোগে উপজেলা সদরে গিয়ে মিছিল সমাবেশ করে। তারা মাদ্রাসাপ্রধানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবি করে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সঞ্চারকলিপি দেয়। সাইধারা গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন জানান, সভাপতির সঙ্গে বিরোধের জের ধরে সুপারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজিয়ে মামলা দেওয়া হয়েছে। তাঁরা সুপারের মুক্তির দাবি করছেন বলে জানান।বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো. রেজাউর রহমান স্মারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।এ ব্যাপারে মাকছুদুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়। প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আমার কাছ থেকে অবৈধ সুবিধা না পেয়ে তার জামাইকে দিয়ে মিথ্যা মামলা দিয়েছে।’সভাপতি আকবর হোসেন বলেন, ‘সুপার স্বেচ্ছাচারী ও দুর্নীতিবাজ। তিনি আমাদের কাউকে মানেন না।’