প্রতারণার অভিযোগে শ্রীমঙ্গলে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার
ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিওচিত্র ধারণ করে প্রতারণা করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।র্যাব-৯ সূত্র জানায়, ঢাকার আশা ইউনিভার্সিটির ব্যবসায় শাখার ওই শিক্ষক পিএইচডি করার জন্য বিদেশে যাওয়ার কথা বলে শ্রীমঙ্গলের ওই তরুণীর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। কিন্তু ওই তরুণী টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষক তরুণীকে নিয়ে আগে ধারণ করা আপত্তিকর ভিডিওচিত্র বাজারে ছাড়ার হুমকি দেন। তরুণী ঘটনাটি র্যাবকে জানালে গত বুধবার সন্ধ্যায় শিক্ষককে তরুণীর বাড়িতে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয়।র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার মোহাম্মদ দাউদ কাউসার মাহমুদ জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তারের সময় তাঁর মুঠোফোনে আপত্তিকর ছবি ও ভিডিওচিত্র পাওয়া গেছে। স্বীকারোক্তি অনুযায়ী ঢাকায় তাঁর শ্যামলীর বাসা থেকে আরও ছবি ও ভিডিওচিত্র উদ্ধার করা হয়।