প্রতারণার অভিযোগে সহযোগীসহ পাকিস্তানি নাগরিক গ্রেপ্তার
প্রতারণার অভিযোগে পাকিস্তানের নাগরিক আরমান থারানি ওরফে আলী আহাদ ওরফে ওমর সৈয়দ আরমান আলীকে (২৭) তাঁর সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে আরমান ও তাঁর সহযোগী মির্জা ফারজানা ইকবালকে গ্রেপ্তার করা হয়।র্যাব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ইন্টারনেট ব্যবহার করে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে অলংকার ও টাকা আত্মসাৎ করতেন। মির্জা ফারজানা এসব অলংকার বিক্রি করতেন। তিনি ধানমন্ডির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।র্যাব সূত্র জানায়, র্যাব-১-এর কাছে আসা কয়েকটি প্রতারণার অভিযোগের অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়, কিছু বিদেশি এ দেশে অবস্থান করে ফেসবুক, মেট্রিমনি, বরবধূ ইত্যাদি ওয়েবসাইট ব্যবহার করে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব ও প্রেমের অভিনয় করে তাদের ফাঁদে ফেলেন। এরপর প্রতারক চক্রের নেতা আরমান আলী মেয়েদের বিয়ের প্রস্তাব দেন। একপর্যায়ে চক্রের নেতা তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে ফাঁদে ফেলে মেয়েদের কাছ থেকে টাকা, মুঠোফোন, হীরা-স্বর্ণের গয়না ও অন্যান্য মূল্যবান পণ্য নিয়ে পালিয়ে যান।অভিযান পরিচালনাকারী র্যাব-১-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তাদের হাতে অন্তত ২৫টি মেয়ে প্রতারণার শিকার হয়েছে। প্রতারকেরা সফল হওয়ার পর তাদের মুঠোফোন ও ফেসবুক পরিচয়পত্র বন্ধ করে দেয়। তাদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।’