সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক প্রতারণার আশ্রয় নিয়ে একটি জার্নালের লেখা আহ্বান করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ইংরেজি বিভাগের শিক্ষক হোসেন আল মামুনের বিরুদ্ধে তাঁর বিভাগের শিক্ষকেরা গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।জানা যায়, স্বীকৃত জার্নালে তিনটি মৌলিক গবেষণা প্রবন্ধ এক বছরের মধ্যে ছাপানোর শর্তে গত বছরের ৭ মার্চ সিন্ডিকেটের ১৬৯তম সভায় হোসেন আল মামুনকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। গত ফেব্রুয়ারি মাসে তিনি ডিসাইফার নামের একটি জার্নালের সম্পাদক পরিচয় দিয়ে এবং ‘সেন্টার ফর ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচার স্টাডি’ নাম ব্যবহার করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে লেখা আহ্বান করে চিঠি পাঠান। অথচ এ নামে বিশ্ববিদ্যালয়ে কোনো প্রতিষ্ঠান নেই। এ ব্যাপারে তাঁর বিভাগের শিক্ষকেরা গতকাল সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।সেন্টার ফর ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচার স্টাডি বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের কোনো কর্তৃপক্ষের অনুমোদন পায়নি স্বীকার করে হোসেন আল মামুন বলেন, ‘এ ব্যাপারে শিগগিরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার চেষ্টা করা হবে।’উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, ‘নিয়মবহির্ভূতভাবে একটি জার্নাল প্রকাশের উদ্যোগ সম্পর্কে একটি অভিযোগ পেয়েছি।’