প্রতারণার তিন বছর পর টাকা ফেরত
দিনাজপুরের বিরামপুর উপজেলার ছয়টি ইউনিয়নের দুস্থ নারীদের সঞ্চয়ের টাকা নিয়ে ২০১১ সালে গা-ঢাকা দিয়েছিল একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হস্তক্ষেপে তিন বছর পর সেই টাকা ফেরত পাচ্ছেন তাঁরা।
উপজেলা মহিলাবিষয়ক কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নের ভিজিডি কার্ডধারী দুঃস্থ নারীদের কাছ থেকে প্রতি সপ্তাহে ১০ টাকা হারে বাধ্যতামূলক সঞ্চয়ের জন্য আমানত গ্রহণ ও প্রশিক্ষণের জন্য ২০০৯ থেকে ২০১১ সালের জন্য বেসরকারি সংস্থা সূর্য শিখার সঙ্গে চুক্তি হয়। সংস্থাটি ২০০৯-১০ চক্রের সঞ্চয়ের পাঁচ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা গ্রহণ করে। সেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল ২০১১ সালের জানুয়ারিতে। কিন্তু ২০১১ সালের ডিসেম্বরে সংস্থাটি উধাও হয়ে যায়।
উপজেলার দায়িত্বপ্রাপ্ত মহিলাবিষয়ক কর্মকর্তা মোছা. রেবেকা সুলতানা জানান, ৫ মে থেকে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে দুঃস্থ নারীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। ইউএনও মোছা. রোখছানা বেগম জানান, টাকা আত্মসাতের বিষয়টি দুঃখজনক।