প্রতারণার দায়ে চারজনের কারাদণ্ড
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোখের চিকিৎসক সেজে প্রতারণার দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার আশিদ্রোন বাজারে চোখের চিকিৎসক সেজে শায়েখ আহমদ ও তাঁর তিন সহযোগী আরিফ, জহিরুল ও সোলায়েমান কয়েক দিন ধরে চক্ষুশিবির চালিয়ে আসছিলেন। চক্ষুসেবা দেওয়ার নাম করে লোকজনের কাছ থেকে প্রথমে ৩০ টাকা করে টোকেন ফি নিয়ে পরে বিভিন্ন সমস্যার কথা বলে চিকিৎসার জন্য ২০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দাবি করছিলেন তাঁরা। অবশ্য টাকা চাওয়ার আগে নানা কথা ও আচার-আচরণের মাধ্যমে রোগ সম্পর্কে রোগীদের ভীতসন্ত্রস্ত করে তোলার কৌশল নেন ওই চার ব্যক্তি। গত বুধবার সন্ধ্যায় স্থানীয় যুবসমাজ তাঁদের চিকিৎসার বৈধতা নিয়ে প্রশ্ন তুললে দ্রুত শিবির বন্ধ করতে শুরু করেন তাঁরা। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধনের মাধ্যমে তাঁদের আটক করে ইউএনওর কাছে নেওয়া হয়। ইউএনও শহীদ মোহাম্মদ ছাইদুল হক তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক চারজনের কাছে চিকিৎসক হিসেবে প্রমাণপত্র চান। কিন্তু সে ধরনের কোনো কাগজ দেখাতে না পারায় চারজনকে কারাদণ্ড দেন আদালত। এর মধ্যে চিকিৎসকের ভূমিকায় থাকা শায়েখকে এক বছর, সহকারী আরিফকে ছয় মাস এবং জহিরুল ও সোলায়েমানকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।