প্রতারণার দায়ে সেরেস্তাদারের কারাদণ্ড
প্রতারণার দায়ে নীলফামারীতে আদালতের এক সেরেস্তাদারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নীলফামারী জেলা ও দায়রা জজ মাহমুদুল কবীর গত রোববার ওই রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, নীলফামারীর কিশোরগঞ্জ সহকারী জজ আদালতের সেরেস্তাদার ইসমাইল হোসেন ওরফে বকুল বাসা কেনার কথা বলে নীলফামারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামসুল হকের কাছে ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি ১০ লাখ টাকার চেক দিয়ে এক দিনের জন্য ১০ লাখ টাকা ধার নেন। শামসুল হক একই বছরের ২৮ ফেব্রুয়ারি, ১৮ মার্চ ও ৯ এপ্রিল ওই চেক নিয়ে তাঁর ব্যাংক হিসাবে টাকা তুলতে যান। কিন্তু তিনবারই ওই হিসাবে প্রয়োজনীয় টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যান করা হয়। এরপর তিনি ইসমাইল হোসেনকে লিগ্যাল নোটিশ দেন। একই বছরের ২২ এপ্রিল লিগ্যাল নোটিশ গ্রহণ করলেও চেকে উল্লেখিত টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করেননি ইসমাইল। এ অবস্থায় শামসুল হক ২২ এপ্রিল ইসমাইল হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অক্ষয় কুমার রায় জানান, ইসমাইল হোসেন একজন সেরেস্তাদার। শুনানির তারিখ থেকে তিনি পলাতক রয়েছেন।