প্রতারণার দায়ে দালালের দণ্ড
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সঙ্গে প্রতারণা করার দায়ে রিন্টু (৪৮) নামের এক দালালকে গতকাল বুধবার তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া হাসপাতালসংলগ্ন এলাকায় মেয়াদোত্তীর্ণ ও বিক্রয়নিষিদ্ধ ওষুধ রাখার দায়ে সিলসিলা ফার্মেসির স্বত্বাধিকারী গোলাম রসুলের কাছ থেকে ১০ হাজার টাকা এবং কাঠ পোড়ানোর দায়ে যশোর সদর উপজেলার খাজুরা বাজারসংলগ্ন এলাকার এমএমবি ব্রিকসের স্বত্বাধিকারী সিরাজুল ইসলামের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গতকাল সকাল থেকে ভ্রাম্যমাণ আদালতের তিনজন নির্বাহী হাকিম পৃথক অভিযান চালিয়ে ওই তিনজনকে দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নেওয়ার চেষ্টা করছিলেন দালাল রিন্টু। এ সময় তাঁকে আটক করে নির্বাহী হাকিম আবদুস সালাম তিন মাসের কারাদণ্ড দেন। হাসপাতালের সামনের সিলসিলা ফার্মেসিতেও অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয়নিষিদ্ধ সরকারি ওষুধ উদ্ধার করা হয়। নির্বাহী হাকিম মাসুদ-উল-আলম দোকানের স্বত্বাধিকারী গোলাম রসুলকে ১০ হাজার টাকা জরিমানা করেন।