প্রতারণার দায়ে ১০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ থেকে সামান্য বমি বমি ভাব নিয়ে গত মঙ্গলবার রাতে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মো. ইমরান হোসেন চৌধুরী (৫৮)। চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হন তিনি। এরপর রাতেই ভালো কোনো বেডে থাকার ইচ্ছা পোষণ করলে তাঁকে আইসিইউতে রাখার পরামর্শ দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয়, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ভাড়া চার হাজার টাকা, কিন্তু আইসিইউতে থাকলে খরচ সাড়ে তিন হাজার টাকা। খরচ বাঁচাতে আইসিইউতে থাকার সিদ্ধান্ত নেন তাঁর ছেলে হারুনার রশিদ।

সকালে হারুনার রশিদ বিল দেখে হতবাক। তাঁর হাতে বিল ধরিয়ে দেওয়া হয়েছে ১২ হাজার টাকার। এভাবেই রোগীদের সঙ্গে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে গাজী মেডিকেল কলেজ হাসপাতাল। গত বুধবার দুপুর ১২টার দিকে বিভিন্ন অভিযোগ নিয়ে র‍্যাব ওই হাসপাতালে অভিযান চালানোর সময় এ অভিযোগ করেন ইমরান হোসেনের ছেলে হারুনার রশিদ। পরে র‍্যাবের সহায়তায় তিনি হাসপাতাল ত্যাগ করেন।

তা ছাড়া অবৈধ ব্লাড ব্যাংক পরিচালনা, মেয়াদোত্তীর্ণ রক্ত-ওষুধ রাখাসহ বিভিন্ন অপরাধে ওই হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। ওই দিন এবং গতকাল বৃহস্পতিবার আরও কয়েকটি ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ।

অভিযানে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সুভাশ চন্দ্র সাহা (৬২), ব্যবস্থাপনা পরিচালক গাজী মিজানুর রহমান (৫৯), উপপরিচালক এ বি এম মাহবুবুল হক (৬৩), ল্যাব ইনচার্জ জেমস তপন সরকার (৮১) এবং ল্যাব টেকনিশিয়ান মো. বাহারুল ইসলামকে (২৮) দুই লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

গাজী মেডিকেল কলেজের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক গাজী মিজানুর রহমান বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন খুলনার সভাপতি।

ফিরোজ আহম্মেদ বলেন, অনুমোদন না থাকলেও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংক পরিচালনা করা হচ্ছিল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াই রোগীকে আইসিইউতে রেখে মোটা অঙ্কের অর্থ আদায় করা হচ্ছিল। এ ছাড়া এখানে প্যাথলজি রিপোর্টে বিশেষজ্ঞ চিকিৎসকের পরিবর্তে টেকনিশিয়ানের স্বাক্ষর করা রিপোর্ট রোগীকে দেওয়া হচ্ছে। হাসপাতালের প্যাথলজি বিভাগ থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্লাড জব্দ করা হয়েছে।