প্রতারণার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা সাউদার্ন গণ-উন্নয়ন সমিতির (এসজিএস) নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী নাজনীন দেলোয়ারের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রতারণার শিকার চাকরিপ্রত্যাশীরা।
গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, ২০১২ সালে এসজিএসের এইচআইভি ও ভিজিডি প্রকল্পে চাকরির প্রলোভন দেখিয়ে দেলোয়ার হোসেন ও নাজনীন দেলোয়ার ৭০ জন তরুণ-তরুণীর কাছ থেকে অর্ধকোটি টাকা নিয়েছেন। কিন্তু গত তিন বছরেও তাঁদের চাকরি না দিয়ে নানা টালবাহানা করছেন। এ ঘটনায় গোপালগঞ্জ, খুলনা ও ঢাকায় দেলোয়ার হোসেন ও নাজনীন দেলোয়ারের নামে বেশ কয়েকটি মামলাও হয়েছে।
মানববন্ধন শেষে প্রতিবাদকারীরা জেলা প্রশাসকের কাছে ‘এসজিএস-এর নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী নাজনীন দেলোয়ারের দুর্নীতি ও প্রতারণা প্রসঙ্গে’ একটি স্মারকলিপি দেওয়া হয়। অনুলিপি দেওয়া হয়েছে গোপালগঞ্জের পুলিশ সুপার, এনএসআইয়ের উপপরিচালক ও গোপালগঞ্জ প্রেসক্লাবকে।
প্রতারণার শিকার আবুল হাসনাত ভুঁইয়া, হেলালউদ্দীন আহমেদ, মো. সারাহউদ্দিন বুলবুল, গণেশ বিশ্বাস, হালিমা খাতুনসহ প্রায় অর্ধশত ব্যক্তির স্বাক্ষরসংবলিত এ স্মারকলিপিতে প্রতারণার বিষদ বিবরণ তুলে ধরা হয়।
মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে শেখ দেলোয়ার হোসেনের বক্তব্য জানা যায়নি।