প্রতারণার ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ, ভিডিওচিত্র ধারণ
ঢাকার সাভারে এক কিশোরী (১১) প্রতারণার ফাঁদে পড়ে দিনের পর দিন ধর্ষণের শিকার হয়েছে। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা যুবক ফয়সাল হোসেনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ দাবি করছে, জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন।সাভার থানার পুলিশ ও মেয়েটির পারিবারিক সূত্র জানায়, রাজাবাড়ী এলাকার পোশাকশ্রমিক ফয়সাল হোসেন (৩০) দূরসম্পর্কের আত্মীয়তার সূত্র ধরে মাস দুয়েক আগে ওই কিশোরীকে তাঁর বাসায় নিয়ে যান। এরপর তিনি তাঁকে ধর্ষণ করেন এবং মুঠোফোনে ভিডিওচিত্র ধারণ করেন। মেয়েটি জানায়, প্রথম দিন ধর্ষণের পর মুঠোফোনে ধারণ করা ভিডিওচিত্র প্রচার করার ভয় দেখিয়ে তাকে বিষয়টি গোপন রাখতে বাধ্য করেন। একই হুমকি দিয়ে ফয়সাল তাকে গত দুই মাসে বেশ কয়েকবার তাঁর বাসায় যেতে বাধ্য করেছেন। সর্বশেষ গত ১০ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে একই হুমকি দিয়ে ফয়সাল তাকে বাসায় নিয়ে ধর্ষণ করেন। ওই দিনের ঘটনার পর সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। কিন্তু লজ্জা আর ভয়ে সে বিষয়টি পরিবারের লোকজনের কাছে গোপন রাখে। মেয়ের বাবা জানান, ফয়সাল সম্প্রতি স্থানীয় বিভিন্ন চায়ের দোকানে বসে লোকজনকে ওই ভিডিওচিত্র দেখান। তিনি বিষয়টি জেনে মেয়েকে জিজ্ঞাসা করলে সে সব খুলে বলে। পরে মেয়ের বাবা সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রাজাবাড়ী এলাকার বাসিন্দা মিজানুর রহমানকে জানান। মিজানুর বৃহস্পতিবার ফয়সালকে আটক করে সাভার থানার পুলিশকে জানান। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ওই দিনই মেয়ের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ফয়সালের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। সাভার থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ওয়ালি আশরাফ খান বলেন, গ্রেপ্তারের পর ফয়সাল প্রথমে সব অভিযোগ অস্বীকার করেন। রিমান্ডে আনার পর জিজ্ঞাসাবাদে তিনি ওই কিশোরীকে প্রতারণার ফাঁদে ফেলে ধর্ষণের কথা স্বীকার করেন। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ধর্ষণের চিত্র ধারণ করা মুঠোফোনটিও উদ্ধার করা হয়েছে।