প্রতারণার ফাঁদে ১৩ হজযাত্রী
দালালের প্রতারণার ফাঁদে পড়ে হজে যেতে পারলেন না ১৩ জন হজযাত্রী। যে এজেন্সিতে তাঁরা নিবন্ধিত হয়েছেন, তারাও টাকাপয়সা না দেওয়ার টালবাহানা করছে বলে তাঁদের অভিযোগ।
এ ছাড়া ৩৩ জন হজযাত্রী সৌদি আরবের জেদ্দায় পৌঁছে তাঁদের লাগেজ পাননি। ফলে প্রয়োজনীয় পোশাক ও ওষুধের অভাবে তাঁরা কষ্টে দিন কাটাচ্ছেন সেখানে।
প্রতারিত হওয়া ওই ১৩ জন ধর্ম মন্ত্রণালয়ে দেওয়া এক আবেদনে বলেছেন, সরকারি বিধি মেনে সম্পূর্ণ টাকা পরিশোধ করে ইউনিয়ন ট্রাভেলস লিমিটেড নামের একটি এজেন্সিতে তাঁরা নিবন্ধন করেন। পরে ইউনিয়ন ট্রাভেলসের সঙ্গে আর আর ট্রাভেলস লিমিটেড নামের আরেকটি কোম্পানির সঙ্গে লিডশিপ হয়। শিডশিপ হলো কোনো হজ এজেন্সির নির্ধারিত কোটা পূরণ না হলে অন্য কোম্পানির কাছে তা হস্তান্তর পদ্ধতি।
ওই ১৩ জন হজযাত্রীর বাড়ি নেত্রকোনার বিভিন্ন উপজেলায়। তাঁদের দাবি, অন্যান্য যাবতীয় কাজ সম্পন্ন করা সত্ত্বেও ইউনিয়ন ট্রাভেলসের প্রতিনিধি এইচ এম আবদুল কাদির ওই ১৩ জন হজযাত্রীর জায়গায় অন্য ১৩ জনকে প্রতিস্থাপন করেন। ফলে তাঁরা এই হজ মৌসুমে আর হজে যেতে পারেননি।
তাঁদের একজন সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা স্থানীয় মাইনউদ্দিনকে হজে যাওয়ার জন্য পুরো টাকা পরিশোধ করেন। মাইনউদ্দিন টাকা দেন ইউনিয়ন ট্রাভেলসের প্রতিনিধি এইচ এম আবদুল কাদিরকে। পরে ঢাকা এসে তাঁরা জানতে পারেন, ইউনিয়ন ট্রাভেলসের নয়, তাঁরা আর আর ট্রাভেলসের অধীনে হজে যাবেন। পরে হজ ক্যাম্পে খোঁজ নিয়ে বুঝতে পারেন, তাঁরা প্রতারণার শিকার হয়েছেন। ৪ সেপ্টেম্বর হজ ক্যাম্প থেকে মাইনউদ্দিনকে ধরে বিমানবন্দর থানায় তাঁকে সোপর্দ করা হয়।
ইউনিয়ন ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় তাঁরা সরকারি বিধি মোতাবেক তাঁদের এজেন্সিতে নিবন্ধিত হজযাত্রীদের আর আর ট্রাভেলসে হস্তান্তর করেন। তিনি বলেন, আবদুল কাদির তাঁর এজেন্সির সঙ্গে কাজ করতে চাইলেও পরে আর করেননি।
আবদুল কাদির এখন সৌদি আরবে রয়েছেন, ফলে তাঁর সঙ্গেও যোগাযোগ করা যায়নি। গত বুধবার হজ ক্যাম্পে গিয়ে দেখা মিলল মাওলানা ইউসুফ আলীর সঙ্গে। তিনিও প্রতারণার ফাঁদে পড়েছেন।