প্রতারণার মাধ্যমে জিআর প্রকল্পের চাল আত্মসাৎ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় জেনারেল রিলিফ (জিআর) প্রকল্পের আট টন চাল প্রতারণার মাধ্যমে ভুয়া প্রতিষ্ঠানের নামে আত্মসাৎ করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, গত অর্থবছরের ২৩ জুন উপজেলায় জিআর প্রকল্পের চারটি মাদ্রাসা ও এতিমখানার নামে জেলা প্রশাসকের কার্যালয় থেকে দুই টন করে মোট আট টন চাল বরাদ্দ দেওয়া হয়। তাজুল ইসলাম নাম দিয়ে ভুয়া সভাপতি সেজে এক ব্যক্তি বানিয়াপাড়া নুরুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নামে বরাদ্দ করা দুই টন চাল আত্মসাৎ করেন। কিন্তু ওই এলাকায় খুঁজেও এ নামের কোনো মাদ্রাসার অস্তিত্ব পাওয়া যায়নি। আর তাজুল ইসলাম নামেও ওই গ্রামে কেউ নেই বলে জানান গ্রামবাসী।
পিআইওর কার্যালয়ে দেওয়া তাজুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে এক ব্যক্তি বলেন, ‘ভাই, আমি প্রতারণার শিকার। আমাকে সব চাল দেওয়ায় কথা বলে কাগজে স্বাক্ষর নিয়ে চাল তুলে অন্য একজন আত্মসাৎ করেছে। এখন চালের মূল্য সরকারি কোষাগারে জমা করার জন্য পিআইও চিঠি দিয়েছে।’
মেনানগর মাটিয়ালপাড়া নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের নামে বরাদ্দ করা দুই টন চাল উত্তোলন করেছেন সহিদার রহমান নামের এক ব্যক্তি। সরেজমিনে সহিদার রহমানকে এবং ওই নামে কোনো মাদ্রাসার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। পিআইও কার্যালয়ে দেওয়া মুঠোফোনে যোগাযোগ করা হলে এক ব্যক্তি বলেন, ‘ভাই, চাল তুলে বিপদে পড়েছি। বিষয়টি নিয়ে পরে কথা বলব।’ এ ছাড়া চিলাপাক নুরানী হাফেজিয়া মাদ্রাসার নামে দুই টন এবং জগদীশপুর হাফেজিয়া মাদ্রাসা নামে বরাদ্দ করা দুই টন চাল উত্তোলন করা হলেও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা কিছুই জানেন না। তবে মাদ্রাসা দুটির পরিচালক সেকেন্দার আলী ও ছাদেকুল ইসলাম দাবি করেন, চাল বিক্রির টাকা তাঁরা মাদ্রাসার উন্নয়নের জন্য জমা রেখেছেন।
পিআইও রেফাউল আযম বলেন, তদন্ত করে বানিয়াপাড়া নুরুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও মেনানগর মাটিয়ালপাড়া নুরানী হাফেজিয়া মাদ্রাসার নামে বরাদ্দ করা চাল আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।