প্রতারণার মাধ্যমে ভিডিওচিত্র
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে সম্পর্কের ভিডিওচিত্র তৈরি ও বাজারে ছাড়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গত মঙ্গল ও বুধবার আটজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া আটজন হচ্ছেন, ক্ষেতলাল উপজেলা শহরের আল আমিন ওরফে রাজু (১৯), তাঁর বাবা বেলাল উদ্দিন (৪৫), সহযোগী শাহীন (২১), ক্ষেতলাল বাজারের নুরুল্লাহ (১৮), চৌমুহনী বাজারের কম্পিউটারের দোকানের মালিক মিজানুর রহমান (২২), হাটশহর গোতাহার গ্রামের রতন চন্দ্র (১৮), ইফতেখার চৌধুরী ওরফে সংগ্রাম (১৮) ও মোস্তাক আহমেদ তামিম (১৯)। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা গত মঙ্গলবার ক্ষেতলাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কিছু দিন আগে রাজু ক্ষেতলাল উপজেলার অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীর (১৪) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রায় এক মাস আগে রাজু ওই স্কুলছাত্রীকে ক্ষেতলাল বাজারের ভাই ভাই স্টুডিওতে নিয়ে আসেন। পরে ওই স্টুডিওর কর্মচারী শাহিনের সহায়তায় রাজু ওই স্কুলছাত্রীর সঙ্গে সম্পর্কের ভিডিওচিত্র ধারণ করেন। ওই ভিডিওচিত্র বাজারে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে রাজু ওই স্কুলছাত্রীর বড় ভাই ও বাবার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় তাঁরা ওই ভিডিওচিত্র কম্পিউটারের মাধ্যমে বাজারে ছেড়ে দেন। বিষয়টি জানতে পেরে স্কুলছাত্রীর বাবা ক্ষেতলাল থানায় মামলা করেন। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে রাজু, তাঁর বাবা বেলাল উদ্দিনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরের দিন সংগ্রাম ও তামিমকে গ্রেপ্তার করা হয়। প্রধান আসামি রাজু বলেন, ‘ওই ভিডিওচিত্র আমি আগ্রহবশত করেছি। শাহিন, সংগ্রাম ও তামিম ওই ভিডিওচিত্রের ফাইল কম্পিউটার থেকে সংগ্রহ করে বাজারে ছেড়ে দেন। এ ঘটনায় আমি কোনো ভাবেই জড়িত নই।’ মামলার তদন্ত কর্মকর্তা ক্ষেতলাল থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বলেন, ভিডিওচিত্র তৈরি এবং বাজারে ছেড়ে দেওয়ার অভিযোগে মামলা হওয়ায় আমরা অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করেছি। যেসব কম্পিউটারের মাধ্যমে ভিডিওচিত্র বাজারে ছাড়া হয়েছে, সেগুলো জব্দ করেছি। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।